ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশি ছিটমহলগুলোর বাসিন্দারা অবিলম্বে ছিটমহল বিনিময়ের দাবি জানিয়েছেন। গতকাল রোববার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো চ্যানেলে এক বিক্ষোভ সমাবেশে তাঁরা এ দাবি জানান।সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সমাবেশ চলে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের প্রায় দুই হাজার বাসিন্দা সমাবেশে যোগ দেন। অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি আয়োজিত এ সমাবেশে যোগ দিতে এসব বাংলাদেশি সকালে বিভিন্ন ট্রেনযোগে কলকাতার শিয়ালদহ স্টেশনে আসেন। সেখান থেকে মিছিল করে তাঁরা মেট্রো চ্যানেলে যান। তাঁদের হাতে ছিল সমন্বয় কমিটির পতাকা, বিভিন্ন ব্যানার ও পোস্টার। ব্যানার ও পোস্টারে লেখা ছিল ‘আমরা ভারতের নাগরিকত্ব চাই’, ‘ছিটমহল বিনিময় চাই’ ইত্যাদি।সমাবেশে সভাপতিত্ব করেন ছিটমহলবাসী মনসুর আলী। ছিটমহলের বাসিন্দাদের দুর্বিষহ জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন আবুল হোসেন, মিলন বকসী, আ. রশিদ, তরণী কান্ত বর্মণ, বিন্দেশ্বর বর্মণ, আইনজীবী আহসান হাবিব, পার্থপ্রতীম দত্ত মজুমদার, সোমেন দাস, সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রমুখ।বক্তারা বলেন, ছিটমহলবাসীর নিজস্ব মাটি থাকলেও তাঁরা পর দেশে এক ধরনের বন্দীজীবন কাটাচ্ছেন। তাঁদের মৌলিক অধিকার নেই। নেই ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড। বাঁচার তাগিদে ভুয়া পরিচয়পত্র জোগাড় করে ছিটমহলে থাকতে হচ্ছে। বাংলাদেশের নাগরিক হলেও বাংলাদেশের কোনো সুযোগ-সুবিধা তাঁরা ভোগ করতে পারেন না। বাংলাদেশ সরকারও তাঁদের খবর নেয় না, সাহায্য-সহযোগিতা করে না। এভাবে বাঁচা যায় না। তাই তাঁরা ভারতীয় নাগরিকত্ব চান। চান বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ছিটমহলগুলো বিনিময় হোক।বক্তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি জোরালো আবেদন জানান। তাঁরা এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক সহযোগিতাও কামনা করেন। মনমোহন দুই দিনের সফরে গতকাল কলকাতায় এসেছেন। তিনি আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে মমতাও থাকবেন।সমাবেশে ছিটমহলবাসীরা দাবি জানান, মনমোহনের বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠকে যেন ছিটমহল বিনিময়ের বিষয়ে সিদ্ধান্ত হয়।সমন্বয় কমিটি জানায়, তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দুই-তিন দিন আগে ডাকযোগে মনমোহন সিং বরাবর পাঠানো হয়েছে।