অবিলম্বে জঙ্গি হামলার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব জঙ্গি ও সাম্প্রদায়িক হামলার বিচারের দাবিতে গতকাল শাহবাগে সমাবেশ করে কয়েকটি সামাজিক- সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের জোট খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণ-আন্দোলন l ছবি: প্রথম আলো
সব জঙ্গি ও সাম্প্রদায়িক হামলার বিচারের দাবিতে গতকাল শাহবাগে সমাবেশ করে কয়েকটি সামাজিক- সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের জোট খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণ-আন্দোলন l ছবি: প্রথম আলো

সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত সব জঙ্গি ও সাম্প্রদায়িক হামলা, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে সমাবেশ করেছে কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের জোট খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণ-আন্দোলন।
গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এই সমাবেশে এসব সংগঠনের নেতা-কর্মীদের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক মাসে প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হয়েছেন আমাদেরই আশপাশের কেউ না কেউ। উদ্যত চাপাতি অথবা ছুটে আসা বুলেটের আতঙ্ক মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে গ্রাস করছে প্রতিনিয়ত। হত্যার শিকার হচ্ছেন লেখক, প্রকাশক, বিদেশি অতিথি, শিক্ষক, বাউল, ইমাম, নামাজরত মুসল্লি, পুরোহিত, সেবায়েত, খ্রিষ্টান, বৌদ্ধসহ নানা পরিচয়ের মানুষ। নারীরা নিপীড়িত হচ্ছেন প্রতিনিয়ত, শিশুরাও রেহাই পাচ্ছে না নির্যাতন থেকে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চলছে, পাহাড়েও আদিবাসীদের ওপর নির্যাতন অব্যাহত আছে। এর সঙ্গে সমানতালে চলছে বিচারবহির্ভূত হত্যা, গুম। এসব অনাচার বন্ধ হওয়া উচিত।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভানেত্রী মাহফুজা খানম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, শিল্পী ভাস্কর রাশা, প্রকাশক রবীন আহসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, লেখক অভিন্যু কিবরিয়া ইসলাম প্রমুখ। সভা পরিচালনা এবং গণ-আন্দোলনের পক্ষে ঘোষণা পাঠ করেন আবদুল্লাহ ক্বাফী রতন। বিজ্ঞপ্তি।