অবিলম্বে জামায়াত নিষিদ্ধের দাবি
জামায়াতে ইসলামীকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে দায়ীকে ‘ক্ষমা করা যাবে না’ উল্লেখ করে রাষ্ট্রপতির ক্ষমার অধিকারসংক্রান্ত বিধান সংশোধনের প্রস্তাব এসেছে।
গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফাালন এবং তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা পাঁয়তারার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাগরণ গড়ে তোল’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এই দাবি ও প্রস্তাব দেন।
সভাপতির বক্তব্যে সভায় মঞ্চের সমন্বয়ক কমরেড অজয় রায় বলেন, রাষ্ট্রপতির অপরাধীকে ক্ষমা করার অধিকার আছে। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত, তাদের জন্য রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার সংশোধন করে ‘ক্ষমা করা যাবে না’ এমন সংশোধনী যেন আনা হয়। উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য একটি বেঞ্চ সক্রিয় রাখার প্রস্তাব দেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক অজয় রায়, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ তালুকদার, তবারক হোসেইন, আবদুস সামাদ, নাজমুল হক প্রধান, লেনিন চৌধুরী প্রমুখ। এতে ধারণাপত্র পাঠ করেন মঞ্চের যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী।