অবিলম্বে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ
অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হলগুলোতে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়।সভা শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারী সমিতির নির্বাচন নিয়মিত হচ্ছে। তাহলে ছাত্র সংসদ নির্বাচনে বাধা কোথায়? নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পথ সহজ হবে।রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মির্জা আজম, শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, মো. শাহ আলম, জিয়াউর রহমান ও মমতাজ বেগম অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।সংসদ সচিবালয় সূত্র জানায়, সভায় কমিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়েও তাগিদ দিয়েছে।