অবিলম্বে ঢাকা সিটি নির্বাচনের দাবি বিএনপি নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতারা অবিলম্বে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মানুষ আওয়ামী লীগের কর্মকাণ্ডের জবাব দিয়েছে। এ কারণে সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনেও বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হবেন।গতকাল রোববার মুক্তাঙ্গনে ছাত্রদলের প্রতিবাদ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন। সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ হরতাল করে শাহবাগের মোড়ে বিআরটিসির গাড়িতে আগুন দিয়ে ১৩ জনকে মেরে ফেলেছিল। দেড় বছর পর আমাদের ডাকা হরতালে ছাত্রলীগ ও যুবলীগ পুলিশের ছত্রচ্ছায়ায় তাণ্ডব চালিয়েছে।’ তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগের হামলায় আহত শহীদ উদ্দীন চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের চিকিৎসকেরা তাঁকে সেবা দেননি।সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যত বিচ্ছিন্ন হচ্ছে, তত বেশি নির্যাতন চলছে। চৌধুরী আলম কোথায় আছেন, তা জনগণকে জানাতে হবে। ছাত্রলীগের দায়িত্ব এখন কারও হাতে নেই। তারা এখন আরও নির্ঝঞ্ঝাট। তারা আইনের বাইরে চলে গেছে। তিনি বলেন, অবিলম্বে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দিন। চট্টগ্রামের মতো এখানেও আওয়ামী লীগ ধরাশায়ী হবে। বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ বলেন, ঢাকা সিটি করপোরেশনসহ সামনের সব নির্বাচনে বিএনপিই জিতবে। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, শহীদ উদ্দীনসহ অন্যান্য নেতা-কর্মীর মুক্তির দাবিতে ২১ জুলাই রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল। এর পরও নেতা-কর্মীরা মুক্তি না পেলে কঠোর কর্মূসচি দেওয়া হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।