প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বান্দরবানে প্রশাসন থাকতে ডেসটিনিসহ বিভিন্ন কোম্পানি ও ভূমিদস্যুদের অবাধ ভূমি দখলে বিস্ময় প্রকাশ করে বলেছেন, নিশ্চয়ই টাকাপয়সার লোভ দেখিয়ে হয়তো ভূমিদস্যুরা ভূমি দখল করেছে। সাধারণ মানুষের কাছ থেকে জায়গাজমি কেড়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার তিনি দুই দিনের বান্দরবান সফরে এসে সার্কিট হাউসে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেছেন। উপদেষ্টা দলদারদের দখলকৃত ভূমি অবিলম্বে উদ্ধারের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে বলেছেন, ‘আপনারা অবিলম্বে ডেসটিনি, পিএইচপি ও অন্যান্য দখলদারেরা কীভাবে ভূমি দখল করেছে, তদন্ত করুন।’ সৌজন্য সাক্ষাতের সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর, বান্দরবান সেনা ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও অন্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।