অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের দাবি জানিয়েছেন নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের নেতারা। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এই জুম্ম সংসদের সভাপতি ও খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্য জেলা পরিষদ গঠনের ২২ বছর পরও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। কারণ ক্ষমতাসীন দল পার্বত্য জেলা পরিষদকে শুধু দলীয় সংকীর্ণ স্বার্থ ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এসব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নির্বাচন দিতে হবে। কারণ, নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, পার্বত্যবাসীকে বঞ্চিত রেখে সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অথচ তেল গ্যাস কয়লাসহ এ এলাকার খনিজ ও প্রাকৃতিক সম্পদের ওপর স্থানীয় জনগণের অধিকারই সবচেয়ে বেশি। অতীতে পার্বত্যবাসীকে বিদ্যুৎ থেকেও বঞ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা চাল-গম উপজেলা ও ইউনিয়ন পরিষদে ৫০ শতাংশ বরাদ্দ দেওয়া, জেলা পরিষদের উন্নয়ন কমিটিতে সব উপজেলার চেয়ারম্যানদের অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।এসব দাবি আদায়ের লক্ষ্যে ২০ জানুয়ারি বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও ২২ জানুয়ারি বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালনের ঘোষণা দেওয়া হয়।তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা পরিষদে নির্বাচিত আদিবাসী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে এ জুম্ম জনপ্রতিনিধি সংসদ গঠন করা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনারতন চাকমা, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ইউপি চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান, শান্তশীল চাকমা প্রমুখ।