অবিলম্বে দুই বিচারকের নিয়োগ বাতিলের দাবি আইনজীবী সমিতির
বিতর্কিত দুই ব্যক্তিকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগের আদেশ অবিলম্বে বাতিলের জন্য রাষ্ট্রপতির প্রতি দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল রোববার দুপুরে সমিতির শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।সভায় বিচারক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট ও আপিল বিভাগের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অবিলম্বে বিচারপতি নিয়োগের জন্য বিধিমালা প্রণয়ন করে গেজেটের মাধ্যমে তা প্রকাশের দাবি জানানো হয়।সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, আমিনুল হক, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, জয়নুল আবদিন, নিতাই রায় চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, গোলাম মোহাম্মদ চৌধুরী, হেলালউদ্দিন মোল্লা প্রমুখ। সভায় সিদ্ধান্ত পাঠ করেন সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা।সভায় দুই ব্যক্তির অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ বাতিল করা না হলে স্বাধীন বিচারব্যবস্থা ও সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।