অবিলম্বে নারীনীতি বাস্তবায়নের দাবি
সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এই দাবি জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: নারীনীতি নিয়ে অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যেকোনো মূল্যে নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন করতে হবে। গতকাল সকাল ১০টায় বরিশাল নগরের সদর রোডে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশালের সাধারণ সম্পাদক নূরজাহান বেগম বলেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। জাতীয় নারী উন্নয়ন নীতিমালায় কোরআন ও সুন্না পরিপন্থী কোনো বিষয় নেই।ফরিদপুর: সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে মুজিব সড়কে মানববন্ধন পালিত হয়। এতে জাতীয় মহিলা সংস্থার ফরিদপুর শাখার সভাপতি রুশেমা ইমামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দৌলতআনা আক্তার প্রমুখ।কুষ্টিয়া: মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার তিন শতাধিক নারী অংশ নেন। সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠের সামনে মানববন্ধনে যেসব মৌলবাদী অপশক্তি নারীর উন্নয়নে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে নারীদের সোচ্চার থাকার কথা বলা হয়।মেহেরপুর: বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা শহরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে।পটুয়াখালী: প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন পালিত হয়েছে। এ সময় বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী জেলা শাখার চেয়ারম্যান কাজী কানিজ সুলতানা প্রমুখ।চুয়াডাঙ্গা: বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন পালিত হয়েছে। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে জেলা লোকমোর্চা, চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরাম, জেন্ডার চেঞ্জ অ্যাকিটভেটসহ (জিসিএ) বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।চাঁদপুর: মানববন্ধনে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন্নেছা বেগম, জাতীয় মহিলা সংস্থার সাধারণ সম্পাদক মাসুদা নূর খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ প্রমুখ উপস্থিত ছিলেন।গোপালগঞ্জ: শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। পরে সেখানে জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি বেগম ফজিলাতুন্নেছার সভাপতিত্বে এক পথসভা হয়।রাজশাহী: নগরের সাহেববাজার জিরোপয়েন্টে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধনে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদাকে বাধাগ্রস্ত করতে একটি মহল নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ সময় জাতীয় মহিলা সংস্থা, রাজশাহী শাখার চেয়ারম্যান মর্জিনা পারভিন উপস্থিত ছিলেন।নীলফামারী: সকালে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন পালিত হয়। জাতীয় মহিলা সংস্থা নীলফামারী জেলা শাখার সভানেত্রী রাবেয়া আলীমের সভাপতিত্বে হাসিনা আহমেদ, ঊষা কাজী, শামীমা বেগম, ফরিদা বেগম, রূপালী বেগম প্রমুখ বক্তব্য দেন।লালমনিরহাট: শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন সড়কে মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সফুরা বেগম, জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার সমন্বয়ক ফিরোজুল ইসলাম, জিল্লে আরশে এলাহি প্রমুখ।কিশোরগঞ্জ: শহরের কালীবাড়ী এলাকায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি সুলতানা রাজিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা সিপিবির নেতা রকিবুল ইসলাম, কিশোরগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা ফেন্সি, নারীনেত্রী ফাতেমাতুজ্জোহরা প্রমুখ।কক্সবাজার: সকাল ১০টায় শহরের প্রধান সড়কে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন পেশার কয়েক শ নারী অংশ নেন। জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভাপতি কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারীনেত্রী বেগম খোরশেদ আরা হক, হামিদা তাহের, আয়েশা সিরাজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।