অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। একই সঙ্গে চুক্তি অনুযায়ী সেখান থেকে সব অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার করার দাবিও জানায় সংগঠনটি।
গতকাল শনিবার পরিষদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যায়ের রাজু ভাস্কর্যে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে মধুর ক্যানটিন, রাজু ভাস্কর্য ঘুরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের ১৬ বছর পরেও এই চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় অঞ্চলের বাসিন্দারা ভালো নেই। এখানকার মৌলিক সমস্যাগুলো কোনো কোনো ক্ষেত্রে আগের তুলনায় আরও জটিল হয়েছে। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ১৩ দফা সংশোধনী প্রস্তাব বর্তমান সরকার যথাযথভাবে সংসদে বিল আকারে উত্থাপনের উদ্যোগ তো নেয়নি, বরং মেয়াদের শেষ পর্যায়ে এসে আবারও চুক্তির সঙ্গে অসামঞ্জস্য বিষয় রেখে আইনে সংশোধনী বিল আনার আয়োজন করা হয়। যা চুক্তি তথা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের স্বার্থের পরিপন্থী।
বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দ্রুত সংশোধন ও কার্যকর করা এবং চুক্তিবিরোধী সশস্ত্র সন্ত্রাস নিষিদ্ধ করার দাবিও জানান। বিজ্ঞপ্তি।