অবিলম্বে প্রকাশকের মুক্তি চায় আইপিএ
বাংলাদেশি প্রকাশক শামসুজ্জোহা মানিক এবং তাঁর সহযোগী দুই ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন (আইপিএ)। ইসলামের প্রতি অবমাননাপূর্ণ বই প্রকাশের অভিযোগে শামসুজ্জোহাকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। খবর দ্য বুকসেলার ডট কমের।
অমর একুশে গ্রন্থমেলার স্টলে বইটি তোলার কয়েক ঘণ্টা পরই গ্রেপ্তার করা হয় ৭৩ বছর বয়সী ওই প্রকাশককে। কট্টর ইসলামপন্থীদের হুমকির প্রেক্ষিতে স্টলটিও বন্ধ করে দেওয়া হয়।
আইপিএর রিচার্ড চারকিন ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের সামনে বক্তব্য দেন। তিনি গত সোমবার প্রকাশককে গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাকে ভুল পথে চালিত করার পথে এটি আরেক বড় ঘটনা। প্রকাশকদের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে দুই সপ্তাহ আগে আমি বক্তব্য দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার আহ্বান, শামসুজ্জোহা মানিকের অবিলম্বে মুক্তি এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা হোক। কট্টরপন্থীরা একের পর এক হুমকি দেবে, আর সরকার তা মেনে নেবে—এমন পরিস্থিতির অবসান ঘটাতে বাংলাদেশকে বিচক্ষণ পদক্ষেপ নিতে হবে।’
আইপিএ ও তার বাংলাদেশি সদস্য দ্য একাডেমিক অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসিপিএবি) গত বছর বাংলাদেশ সরকারকে প্রকাশকদের সুরক্ষায় আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছিল। সহিংস হামলায় চার ব্লগার এবং একজন প্রকাশক নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর আইপিএ ওই বিবৃতি দিয়েছিল।
এসিপিএবির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক বলেন, ‘প্রকাশক শামসুজ্জোহা মানিককে গ্রেপ্তার করার ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত। আশা করি তিনি ন্যায়বিচার পাবেন। বাংলাদেশে প্রকাশকের স্বাধীনতার ব্যাপারে চেতনার বড় ঘাটতি রয়েছে।’