অবিলম্বে মাহবুবের মুক্তি দাবি আইনজীবীদের
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আটক করার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী।
আজ মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ জে মোহাম্মদ আলী এ দাবি জানান। তিনি বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত ভোটারবিহীন প্রহসনমূলক নির্বাচনের পর এই বেপরোয়া আটকের ঘটনা সরকারের ভবিষ্যতের দুরভিসন্ধিমূলক কাজের বহিঃপ্রকাশ। গণতন্ত্রের পথ রুদ্ধ করে সরকার এভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এ জে মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে দলের জ্যেষ্ঠ নেতাদের কারাবন্দী করে দশম জাতীয় সংসদ নির্বাচনের নামে যে তামাশা ও নাটক মঞ্চস্থ করা হয়েছে, তা মিডিয়ার সুবাদে গোটা বিশ্ব ও দেশের ১৬ কোটি নাগরিক প্রত্যক্ষ করেছেন। নজিরবিহীন কলঙ্কিত এ ধরনের নির্বাচনের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদে খন্দকার মাহবুব হোসেনের মতো একজন প্রবীণ আইনজীবীকে গ্রেপ্তার সরকার অগণতান্ত্রিক ও মৌলিক অধিকারবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে জানান তিনি।