যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দেওয়ায় দেশের মানুষ ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করেছে। তাই আর কালবিলম্ব না করে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর লোকভবন প্রাঙ্গণে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে গঠিত দিনাজপুর জেলা সমন্বয় কমিটি’ আয়োজিত গণসমাবেশে বক্তারা বর্তমান সরকারের উদ্দেশে এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব লে. জেনারেল (অব.) হারুন-অর-রশীদ বলেন, রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দেননি। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারাননি। তিনি অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান।দিনাজপুর জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেক্টর কমান্ডার্স ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাইদুজ্জামান, দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা কানিজ রহমান, বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার সৈয়দ মোকাদ্দাস হোসেন প্রমুখ।