ঢাকা মহানগর আওয়ামী লীগকে অবিলম্বে সদস্য সংগ্রহ অভিযান শুরু করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ তাগিদ দেন। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।২০০৮ সালের ৫ এপ্রিল শেখ হাসিনার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছিল নগর আওয়ামী লীগ। ওই দিনটি স্মরণে নগর নেতারা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষরসহ একটি স্মারক নগর নেতারা শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।সূত্র জানায়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগর নেতাদের উদ্দেশে বলেন, দুর্দিনেই আসল বন্ধুর পরিচয় মেলে। বিপদে অনেকের সাহস থাকে, আবার অনেকের থাকে না। তিনি সিটি করপোরেশন নির্বাচনে সব কটি ওয়ার্ডে একক কাউন্সিলর মনোনয়ন দেওয়ার নির্দেশ দেন।