অবিলম্বে সহিংসতা বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে চলমান রক্তপাত ও সহিংসতা অবিলম্বে বন্ধে সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গত সোমবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক সংগঠনটি এ আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে ভয়াবহ সহিংসতায় গভীর উদ্বেগও প্রকাশ করা হয়।

এইচআরডব্লিউ বলেছে, বিক্ষোভকারীদের মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধে বাংলাদেশ সরকারের প্রকাশ্যে নির্দেশ দেওয়া উচিত। এ ছাড়া জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সব রাজনৈতিক দলের উচিত তাদের কর্মী-সমর্থকদের সহিংসতা থেকে বিরত রাখা। সহিংসতার ঘটনাবলির কার্যকর ও নিরপেক্ষ তদন্ত এবং সব দোষী ব্যক্তিকে বিচারের আওতায় আনতে সরকারের উচিত দ্রুতগতিতে একটি স্বাধীন কমিশন গঠন করা।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, সাম্প্রতিক দিনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। জামায়াতের সমর্থকেরা পুলিশ ফাঁড়ি, সরকারি অফিস, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ওপর হামলা চালিয়েছেন।

এইচআরডব্লিউয়ের এশিয়া-বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামসের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ও আতঙ্ক দেখা দিচ্ছে।’

ব্র্যাড অ্যাডামস বলেন, ‘জামায়াত ও অন্য বিরোধী দলগুলোর বিক্ষোভ-আন্দোলনের যৌক্তিক কারণ থাকতে পারে। কিন্তু তাদের সমর্থকদের ভয়াবহ সহিংসতার পক্ষে কোনো যুক্তি নেই।’ তিনি আরও বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনৈতিক দলগুলোর কর্মীদের রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করার দীর্ঘ নজির লক্ষ করা গেছে। অথচ এ ধরনের কার্যকলাপে যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশই সাধারণ জনগণ; রাজনীতিতে যাঁদের কোনোই সম্পৃক্ততা নেই।

প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়ে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার পর গত দুই মাসে শতাধিক মানুষ নিহত ও শত শত ব্যক্তি আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের সহিংসতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনবহির্ভূত শক্তি প্রয়োগ নিয়ে নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের বিচারের সম্মুখীন করতে বাংলাদেশের কর্তৃপক্ষের বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে সংগঠনটি অভিযোগ করে, বিক্ষোভ প্রদর্শনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেআইনি হত্যাকাণ্ড নিয়ে দালিলিক প্রমাণ থাকা সত্ত্বেও অতীতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

বিভিন্ন ধরনের সহিংসতার শিকার ব্যক্তিদের সাক্ষাৎকারভিত্তিক তথ্য-উপাত্ত সন্নিবেশ করে প্রকাশিত এ প্রতিবেদনের উপসংহার টানা হয়।