অবিলিকৃত তিন টন পাঠ্যবই উদ্ধার, আটক ৫
গত বছর বিলি না করা মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রায় তিন টন নতুন বই রাজশাহী থেকে গতকাল শুক্রবার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে প্রথম থেকে নবম শ্রেণীর বই রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।র্যাবের ভাষ্যমতে, বইগুলো ট্রাকে করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে র্যাব গতকাল সন্ধ্যায় জেলার দুর্গাপুর উপজেলা সদর থেকে ট্রাকসহ বইগুলো উদ্ধার করে।র্যাবের বক্তব্য অনুযায়ী, এসব বইয়ের মালিক পুরোনো কাগজ ও ভাঙারি ব্যবসায়ী সেলিম হোসেন। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলা সদরে। তাঁর ব্যবসায়িক সহযোগী হিসেবে ঘটনাস্থল থেকে আরও চারজনকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন: রাজশাহীর দুর্গাপুর এলাকার এরশাদ আলী ও রিন্টু আলী, পুঠিয়ার ইব্রাহিম এবং ট্রাকের হেলপার সাজ্জাদ আলী। ট্রাকচালক পালিয়ে গেছেন বলে র্যাব জানিয়েছে।র্যাবের তথ্যমতে, সেলিম হোসেন বইগুলো রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকার ভাঙারি ব্যবসায়ী আহাম্মদ আলীর কাছ থেকে কিনেছেন। বইগুলো ঢাকায় নেওয়ার জন্য সকাল থেকে ট্রাকে বোঝাই করা হচ্ছিল। ঝামেলা এড়াতে বইয়ের ওপরের মলাটও ছিঁড়ে ফেলা হয়। রাতেই ট্রাকটি ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল।এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক তরুণ কুমার সরকার প্রথম আলোকে বলেন, সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র ছাড়া এই বই কেউ বাইরে বিক্রি করতে পারবে না।তরুণ কুমার বলেন, তিন টন বই বিলি না হওয়ার বিষয়টিও রহস্যজনক। এ ব্যাপারে তদন্ত হওয়া জরুরি।র্যাবের রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের ইনচার্জ মেজর আনোয়ার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।