অবিশ্বাস গৃহকর্মী শিশুর মানসিক বিকাশের অন্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী শিশুর সঙ্গে তার মায়ের দ্বন্দ্ব হয়। গৃহকর্মী কন্যাশিশুর সঙ্গে গৃহকর্তার শারীরিক সম্পর্ক আছে কি না, তা নিয়েও অবিশ্বাস দেখা দেয়। সন্দেহ করা হয়, গৃহকর্মী শিশু খারাপ কাজ করতে পারে। দ্বন্দ্ব, অবিশ্বাস, সন্দেহ শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।গৃহকর্মী শিশুদের নিয়ে এক জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্স ফর স্লাম ড্যুয়েলার্স (এএসডি) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এই জরিপ করে। সংস্থাটি গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভায় জরিপের প্রতিবেদন উপস্থাপন করে।এএসডির কর্ম এলাকা মোহাম্মদপুরের গৃহকর্মী শিশু, তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, দারিদ্র্যের কারণে শিশুরা বাধ্য হচ্ছে গৃহকর্মী হিসেবে কাজ করতে। শুরুতেই সেই শিশু ও তার মায়ের সম্পর্কে জটিলতা সৃষ্টি হয়। তারপর নানা নেতিবাচক ধারণা ও পরিবেশের জটিল বিন্যাস শিশুটির মানসিক বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়।অনুষ্ঠানে বলা হয়, গৃহকর্মে নিয়োজিত শিশুরা যেহেতু লোকচক্ষুর আড়ালে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত, তাই তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নজর এড়িয়ে যায়। আলোচকেরা বলেন, জাতীয় নীতিমালার আওতায় গৃহকর্মী শিশুদের নিম্নতম মজুরি, শ্রমঘণ্টা ও অন্যান্য সুযোগ-সুবিধা যেমন, বিনা খরচে শিক্ষা, চিকিৎসা, বিশ্রাম ও বিনোদনের জন্য সুযোগ নিশ্চিত করতে হবে। সভায় গৃহকর্মী শিশুদের অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি।