অবেদনবিদ ও গাইনি চিকিৎসক নেই চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় প্রায় চার বছর ধরে প্রসূতি অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে হাওরবেষ্টিত নিকলী উপজেলার প্রসূতিরা কম খরচে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, অবেদনবিদ মোজামেঞ্চল হোসেন ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সেলিনা হক ২০০৮ সালের ডিসেম্বরে বদলি হয়ে চলে যান। সেই থেকে পদ দুটি শূন্য রয়েছে। প্রসূতির স্বাস্থ্যসেবা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৮ সালের আগস্টে ১০ শয্যার আলাদা একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ওই বছরের ১০ আগস্ট থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাঁচজন প্রসূতির অস্ত্রোপচার করা হয়। কিন্তু পদ দুটি শূন্য হওয়ার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে আর কোনো প্রসূতির অস্ত্রোপচার হয়নি। বর্তমানে কয়েক লাখ টাকার চিকিৎসা যন্ত্রপাতি অযত্ন-অবহেলায় পড়ে আছে। উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের খাইরুল উদ্দিন বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ৬ মার্চ সিজারের (সন্তান জন্মদানের জন্য অস্ত্রোপচার) জন্য আমার স্ত্রীকে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক না থাকায় সিজার করানো সম্ভব হয়নি। তাঁকে নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।’ সরেজমিনে গিয়েও গাইনি চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তির বিষয়টি দেখা গেছে।নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক চিকিৎসক জানান, চিকিৎসক না থাকায় প্রতিবছর সিজারের জন্য আসা চার শতাধিক নারীকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাগলপুর জহুরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালে একটি এক্স-রে মেশিন আনা হলেও তা ওই বছরই বিকল হয়ে যায়। প্রায় ছয় বছর ধরে মেশিনটি বিকল হয়ে পড়ে আছে। নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, চার বছর ধরে গাইনি চিকিৎসক না থাকা দুঃখজনক।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এহসানুল হক মুকুল প্রথম আলোকে বলেন, অবেদনবিদ এবং প্রসূতি সার্জনের শূন্য পদে লোক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে। আর এক্স-রে মেশিনটি মেরামতের জন্য কর্তৃপক্ষকে কয়েক দফা জানিয়েও কোনো কাজ হয়নি।