অবেদনবিদ ও নার্স-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল  ভবন l প্রথম আলো
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল ভবন l প্রথম আলো

অবেদনবিদ ও নার্স-সংকটের কারণে উদ্বোধনের দুই বছর পরও আশানুরূপ সেবা দিতে পারছে না জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল। চিকিৎসক ও রোগী—দুই পক্ষই এই অসুবিধার কথা বলছে। কর্তৃপক্ষের দাবি, সরকারের কাছে অবেদনবিদ ও নার্স চেয়ে চেয়ে তারা হয়রান।
হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম বলেন, সবগুলো ইউনিট চালু করতে কমপক্ষে ২৪ জন অবেদনবিদ দরকার। রোগের ধরন আলাদা হওয়ায় প্রতিটি পালায় রোগীপ্রতি অন্তত একজন নার্স দরকার। হাসপাতালে অবেদনবিদ আছেন পাঁচজন আর নার্স ১১০।
অবেদনবিদ ও নার্স-সংকটের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ১৪টি শয্যার সাতটি, হাই ডিপেন্ডেন্সি ইনস্টিটিউটের ১২টির মধ্যে তিনটি ও অস্ত্রোপচার-পরবর্তী সময়ের জন্য (পোস্ট অপারেটিভ) ১২টি শয্যার পাঁচটি চালু করা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক এ বি এম আবদুল হান্নান প্রথম আলোকে বলেছেন, সারা দেশে অবেদনবিদের সংকট প্রকট। অবেদনবিদের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। রাতারাতি এ সমস্যার সমাধান সম্ভব নয়।
২০১২ সালের সেপ্টেম্বরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল চালু হয়। চিকিৎসকেরা বলছেন, মেডিসিন বিভাগে যত রোগী ভর্তি হন, তার প্রায় ৪০ শতাংশ নিউরো জটিলতা নিয়ে আসে। এ ছাড়া মাথায় আঘাত, মস্তিষ্কে টিউমার, মস্তিষ্কের রক্তনালিতে বাধা নিয়ে যাঁরা ভর্তি হন, তাঁদের চিকিৎসাও করেন নিউরোলজি ও নিউরোসার্জারির চিকিৎসকেরা।
হাসপাতালে রোগীর স্বজনেরা বলেছেন, দিনের পর দিন চেষ্টা করেও স্বনামধন্য চিকিৎসকের চেম্বারে যাওয়ার সুযোগ হয় না। কিন্তু তাঁরা এই হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত রোগী দেখেন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে তিনটা পর্যন্ত এই প্রতিবেদক হাসপাতালে অবস্থান করেন। সব সময়ই একদল পরিচ্ছন্নতাকর্মীর তৎপরতা চোখে পড়ে। চিকিৎসকদেরও ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। পুরুষ ওয়ার্ডে ৮৪ বছর বয়সী এক রোগীর স্বজন প্রথম আলোকে বলেন, ‘সরকারি হাসপাতালে আমরা এর চেয়ে বেশি কিছু আশা করি না। কিন্তু চিকিৎসকেরা পরামর্শপত্রে যা লিখে দিয়ে যাচ্ছেন, সেটা ঠিকমতো অনুসরণ করা যাচ্ছে না। রোগীকে নেবুলাইজ করতে বলা হয়েছে যে সময়ে, তার অনেকক্ষণ পর নার্সকে পাওয়া যাচ্ছে। রাতের বেলা সংকট আরও বাড়ে। এই ওয়ার্ডে আসা রোগীদের প্রায় সবাই মুখে খেতে পারেন না। তাঁদের পুরো শরীর বা শরীরের কোনো না কোনো অঙ্গ অবশ হয়ে গেছে। মুখ দিয়ে লালা ঝরছিল। এঁদের ওঠাতে-বসাতে, খাওয়াতে সব কাজেই নার্সের সহযোগিতা প্রয়োজন।’ চিকিৎসকেরা জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দরকার তিন বেলায় কমপক্ষে ৫০ জন নার্স। কিন্তু ৩০০ শয্যার অন্তর্বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, পোস্ট অপারেটিভ বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে নার্স আছেন ১১০ জন। লোকবল-সংকটের কারণে কেবিনও চালু করা যাচ্ছে না।
সমস্যা আরও: প্রতিদিন এই হাসপাতালে জরুরি বিভাগে কমপক্ষে ৫০ জন রোগী আসেন। অনেকে আসেন স্ট্রোকের পর অজ্ঞান হয়ে, অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্মক আঘাত নিয়ে। কিন্তু জরুরি বিভাগের শয্যা মাত্র ১৬টি। প্রতিদিন অনেক রোগীকে সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিতে হয়।