অবেদনবিদ না থাকায় লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ছয় বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে উপজেলার গরিব প্রসূতিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতালটিতে সার্জারি চিকিৎসকও নেই প্রায় দুই বছর থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালটিতে অস্ত্রোপচার সরঞ্জাম রয়েছে। তবে ২০১০ সালে এখান থেকে অবেদনবিদ বদলি হওয়ার পর প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়। ২০১৩ সালের শেষের দিকে একজন অবেদনবিদ নিয়োগ হলেও তিনি দুই মাসের মাথায় প্রেষণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। এখানে সার্জারি চিকিৎসকও নেই প্রায় দুই বছর ধরে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা দেখা যায়, প্রসূতিদের জন্য জরুরি অস্ত্রোপচার কক্ষটি (ওটি) তালাবদ্ধ। এ সময় নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন কর্মী বলেন, মাঝেমধ্যে স্বাভাবিক প্রসবের জন্য কক্ষটি খোলা হয়। তখন সব যন্ত্রপাতি ব্যবহার হয় না।
পানবাড়ি গ্রাম থেকে আসা এক প্রসূতির বাবা আবদুল আজিজ বলেন, প্রসববেদনা শুরু হওয়ায় মেয়েকে নিয়ে এখানে এসেছেন ডাক্তার দেখাতে। ডাক্তার বলেছেন, এখানে চিকিৎসা হবে না। কারণ, তাঁর অস্ত্রোপচার করতে হবে। জরুরিভাবে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ কীভাবে লালমনিরহাট নিয়ে যাম। তা এটে আসিয়া লাভ কী?’
পাটগ্রাম পৌরসভার রানা মিয়াসহ চারজন বলেন, গরিব প্রসূতিদের নিয়ে বাধ্য হয়ে ৯০ কিলোমিটার দূরে জেলা সদরে অথবা ১৪০ কিলোমিটার দূরে রংপুরে যেতে হয়। এতে তাঁদের অতিরিক্ত সময় ও টাকা খরচ হয়। অনেক সময় পথেও সমস্যা হচ্ছে।
গত রোববার কুচলিবাড়ি গ্রামের কাশেম মিয়া আসেন সন্তানসম্ভবা স্ত্রী লাইলি খাতুনকে নিয়ে। তিনি বলেন, ‘হাসপাতালোত আসি শুনোন, সিজার করার ডাক্তার নাই ভালে। শেষ পর্যন্ত রংপুরের হাসপাতালে নিয়া ভর্তি করিবার নাগবে।’
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, জেলা সদরের দূরত্বের কথা চিন্তা করে এখানে অবেদনবিদ নিয়োগ দেওয়া প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, ‘অবেদনবিদ না থাকায় এখানে চিকিৎসাসেবা ঠিকমতো দিতে পারছি না। এ বিষয়ে গত সোমবার রংপুর বিভাগীয় কার্যালয়ে বৈঠকে কথা হয়েছে। তাঁরা জরুরিভাবে এখানে চিকিৎসক দেওয়ার আশ্বাস দিয়েছেন। তা ছাড়া এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ জেলা সিভিল সার্জনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’