চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবেদনবিদ না থাকায় পাঁচ বছর ধরে প্রসূতিসহ প্রায় সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে প্রসূতিদের স্বজনদের অতিরিক্ত টাকা খরচ করে জেলা শহরে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এ ছাড়া টেকনিশিয়ানের অভাবে আট বছর ধরে সেখানে এক্স-রে কার্যক্রমও বন্ধ। এতে এই হাসপাতালে এসে রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ (সার্জন) পদে তামান্না আফতাব সোলায়মান কর্মরত আছেন। কিন্তু অবেদনবিদ নেই। এতে প্রায় পাঁচ বছর ধরে প্রসূতি মায়েদের অস্ত্রোপচার, পিত্তথলি, হাড়ভাঙা অস্ত্রোপচারসহ বড় বড় অস্ত্রোপচার হচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাসে এখানে কর্মরত অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) আবদুল মান্নান নামে বদলি হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। এরপর ওই পদে কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ দীপাংশু বিকাশ দত্ত জানান, ওই উপজেলায় স্বাভাবিকভাবে (নরমাল) প্রতি মাসে গড়ে ৮০০-এর বেশি প্রসূতি সন্তান প্রসব করেন। এর মধ্যে মাসে গড়ে প্রসূতি অস্ত্রোপচার হয় প্রায় ৩০০টি। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় এসব রোগী আশপাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে অস্ত্রোপচার করান।
গত বুধবার দুপুরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা উপজেলার কোয়াচাঁদপুর গ্রামের গৃহবধূ রহিমা আক্তার বলেন, কয়েক দিন আগে তাঁর এক আত্মীয় এক প্রসূতিকে নিয়ে অস্ত্রোপচারের জন্য সরকারি হাসপাতালে এসে ফিরে যান। পরে চাঁদপুর জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করান। এতে অর্থ ও সময়ের অপচয় হয়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী বেনুলাল মজুমদার বলেন, ২০০৯ সাল থেকে সেখানে রেডিওগ্রাফারের (এক্স-রে অপারেটর) পদ শূন্য। এতে প্রায় আট বছর ধরে সেখানে এক্স-রে করা যাচ্ছে না। এতে ধুলো জমে এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন বলেন, সরকারি হাসপাতালে করাতে না পেরে বাধ্য হয়ে তাঁদের বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রে এক্স-রে করাতে হয়। এতে বেশি টাকা খরচ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুস সালাম হাওলাদার বলেন, অবেদনবিদ, এক্স-রে অপারেটরসহ অন্যান্য শূন্য পদে লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের সিভিল সার্জন মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি নতুন এসেছেন। এসব সমস্যার কথা জানেন না। তবে এসব সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে তিনি চিঠি লিখবেন।