অবেদনবিদ না থাকায় প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবেদনবিদ না থাকায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই মাস ধরে প্রসূতিদের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে উপজেলার প্রত্যন্ত এলাকার প্রসূতিদের ভোগান্তি পোহাতে হচ্ছে৷ অতিরিক্ত সময় ও টাকা খরচ হওয়ায় দরিদ্র পরিবারের প্রসূতিদের সমস্যা েবশি হচ্ছে৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কলাপাড়ায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের আওতায় প্রসূতিদের জরুরি প্রসবকালীন চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। ২০১৩ সালে এখানে অস্ত্রোপচােরর মাধ্যমে ৪৭৫ জন প্রসূতি সন্তান জন্ম দিয়েছেন। চলতি বছরের প্রথম দুই মাসে ১৭৭ জন প্রসূতির অস্ত্রোপচার হয়েছে৷ কিন্তু গত ১১ মার্চ থেকে এখানে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে৷ ওই দিন অবেদনবিদের (অ্যানেসথেটিস্ট) অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা আবদুল মতিন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৫ দিনে অন্তত ৬০ জন প্রসূতি এখানে চিকিৎসা না পেয়ে পটুয়াখালী অথবা বরিশালে চলে গেছেন। গতকাল মঙ্গলবারও পাঁচজন প্রসূতিকে অন্যত্র পাঠানো হয়েছে৷ অবেদনবিদ না থাকায় প্রতি মাসে এখানে ৭০-৮০ জন প্রসূতি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন৷ প্রসূতিসেবা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় এলাকার নিম্ন আয়ের লোকজন। কারণ, তাঁদের পক্ষে টাকা খরচ করে বরিশাল অথবা পটুয়াখালীতে গিয়ে অস্ত্রোপচার করা সম্ভব নয়।
উপজেলার ইসলামপুর গ্রামের মুকুল মৃধা বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা। গত ২২ এপ্রিল হাসপাতালে আইয়া হুনি, সিজার করার ডাক্তার নাই। শেষ পর্যন্ত পটুয়াখালী হাসপাতালে নিয়া ভর্তি করা লাগছে।’ একই দিন চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের প্রসূতি ফারজানা বেগম বলেন, ‘মোরা গরিব মানুষ। এই হাসপাতালে সিজার করার একটা ভরসা আছেলে। আইজগো কয়দিন ধইর্যা হ্যা বন্ধ রইছে। সময়মতো যদি হেই সুবিধা না পাই, হেইলে মোগো বিপদের আর শ্যাষ থাকপে না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুর রহিম জানান, এখানে দ্রুত অবেদনবিদ নিয়োগ দেওয়ার জন্য তিনি সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে চিঠি পাঠিয়েছেন।