অবেদনবিদ না থাকায় প্রসূতির অস্ত্রোপচার বন্ধ
অবেদনবিদ না থাকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ছয় বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে গরিব জরুরি প্রসূতিদের বাধ্য হয়ে এখান থেকে ৯০ কিলোমিটার দূরে জেলা সদর অথবা ১৪০ কিলোমিটার দূরের বিভাগীয় রংপুর সদরে যেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের দামি দামি সরঞ্জাম থাকলেও অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় এখানে অস্ত্রোপচার বন্ধ। ২০১০ সালে এখানকার অবেদনবিদ বদলি হন। এরপর ২০১৩ সালের শেষ দিকে আরেকজন অবেদনবিদকে দেওয়া হলেও তিনি দুই মাসের মাথায় প্রেষণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। আবারও বন্ধ হয়ে যায় প্রসূতিদের অস্ত্রোপচার।
সম্প্রতি উপজেলার পানবাড়ি গ্রাম থেকে হাসপাতালে আসা এক প্রসব রোগীর বাবা মো. সফিয়ার বলেন, তাঁর মেয়ের প্রসববেদনা শুরু হয়েছে ভোর থেকে। হাসপাতালে আনার পর চিকিৎসক বলেছেন, অস্ত্রোপচার লাগবে। তাই জরুরি ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতালে নিতে হবে। সেখানে অস্ত্রোপচার করাতে হবে।
শ্রীরামপুর ইউনিয়নের তেলিরটারী গ্রাম থেকে আসা প্রসূতি মোমেনা বেগমে (৩৩) বলেন, ‘গরিবের জন্য এই হাসপাতাল। এটে সির্জার করিলে বাড়ির লোকজন খোঁজখবর নিবার পায়। হর এলা ভালে এটে সির্জার হবে না। হামাক লালমনিরহাটোত যাবার নাগবে।’
স্বাস্ব্য কমপ্লেক্সে একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্তের এ উপজেলা থেকে জেলা সদর ও রংপুর বিভাগের দূরত্ব বিবেচনা করে এখানে অবেদনবিদ চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, ‘প্রায় দুবছর হলো এখানকার অবেদনবিদকে প্রেষণে রংপুর নেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরসহ জেলা সিভিল সার্জনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’