অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আড়াই বছর ধরে জরুরি প্রসূতিসেবা (ইওসি) কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সরকারি কোটি টাকার যন্ত্রপাতি কোনো কাজে আসছে না। একই সঙ্গে উপজেলার অন্তঃসত্ত্বা নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের জন্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অবেদনবিদ আবুল কালাম আজাদ আড়াই বছর আগে প্রেষণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। তার পর থেকে ওই পদে আর কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ না দেওয়ায় প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া প্রসূতিসেবা কার্যক্রমের মূল্যবান যন্ত্রপাতি অব্যবহূত থাকায় এগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি উপজেলার অন্তঃসত্ত্বা নারীদের রাজশাহী শহরসহ উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে এ সেবা নিতে হচ্ছে। ফলে মোটা অঙ্কের অর্থ খরচের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, একমাত্র অবেদনবিদ আবুল কালাম আজাদ প্রেষণে অন্যত্র থাকায় এ সেবা চালু রাখা যায়নি। সংশ্লিষ্ট দপ্তরে এ ব্যাপারটা জানানো হলেও কোনো কাজ হয়নি।