অবেদনবিদ নেই, অস্ত্রোপচার বন্ধ দুই হাসপাতালে
অবেদনবিদের অভাবে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে এক বছরেরও বেশি সময় ধরে এবং মা ও শিশুকল্যাণকেন্দ্রে প্রায় তিন মাস ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা।সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফজলুল হক বলেন, ২০১১ সালের ১ আগস্ট হাসপাতালের অবেদনবিদ সরিৎ কুমার কুণ্ডু স্বেচ্ছায় অবসরে যাওয়ার পর থেকে এখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও সিজারসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ আছে।মা ও শিশুকল্যাণকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা রোখসানা বেগম বলেন, গত ২৬ আগস্ট অবেদনবিদ সেকেন্দার আলী বদলি হয়ে যাওয়ার পর থেকে এখানে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে গর্ভবতী মায়েদের রংপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠাতে হচ্ছে।২১ নভেম্বর সকালে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে জানা যায়, ওই দিন ছয়জন গর্ভবতী মাকে রংপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু একজনের অবস্থা শোচনীয় হওয়ায় তিনি যেতে পারেননি। ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ি গ্রামের সত্যেন্দ্রনাথের স্ত্রী মমতা জানান, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে রংপুর যেতে বলেছেন। এ সময় মমতার বাবা মঙ্গলু বর্মণ (৫৫) বলেন, ‘হামাক রংপুর যাবার কইছে। হামরা গরিব মানুষ রংপুর যাবার টাকা কোনঠে পামো। হামরা এইঠে আইনছি দেখি কী হয়।’ওই ওয়ার্ডের কর্তব্যরত সেবিকা শাহানাজ ফেরদৌসি জানান, বুধবার ১৪ শয্যার ওই ওয়ার্ডে ২৬ জন গর্ভবতী মা ভর্তি ছিলেন। এর মধ্যে পাঁচজনকে রংপুরে স্থানান্তরিত করা হয়েছে। চারজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সন্তান প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে চলে গেছেন চারজন। এখন ভর্তি আছেন ১৩ জন।নীলফামারীর সিভিল সার্জন শওকত আলী জানান, অবেদনবিদের শূন্য পদে নিয়োগের ব্যাপারে কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু চিকিৎসক নিয়োগ না দেওয়ায় এই জেলার দরিদ্র ও স্বল্প আয়ের রোগীরা বিপাকে পড়েছে। এ নিয়ে আমাদের প্রতিনিয়ত রোগীর স্বজনদের সামনে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।