বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। এ কারণে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে এখানে এক্স-রে করার সরঞ্জাম নেই। আলট্রাসনোগ্রামের মেশিনও অনেক দিন ধরে নষ্ট।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৭ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। চার বছর আগে এখানে চারটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি), অস্ত্রোপচার কক্ষ ও অস্ত্রোপচারের কয়েকটি যন্ত্রপাতি সরবরাহ করা হয়। তবে অবেদনবিদ না থাকায় সেগুলো বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। এক বছর ধরে আলট্রাসনোগ্রামের মেশিনও নষ্ট। এ ছাড়া এক্স-রে মেশিনের স্ক্রিন (পর্দা), এক্স-রে টেবিল, রেডিয়েশন-প্রুফ কক্ষ না থাকায় দীর্ঘদিন ধরে এক্স-রে হয় না। কয়েক বছর ধরে জেনারেটর মেশিনও নষ্ট হয়ে পড়ে আছে। ফলে রাতে বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালিয়ে রোগীদের থাকতে হয়।
গত মঙ্গলবার তালোড়া দুবরা গ্রামের মহসিন আলীর মেয়ে সাথী আকতার (১৬) পেটের ব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে চিকিৎসকের পরামর্শে স্থানীয় একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রাম করে সে সেখানে চিকিৎসা নিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী সাইফুল আলম চৌধুরী জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন চিকিৎসকের বিপরীতে ১৫ জন চিকিৎসক রয়েছেন। শল্যচিকিৎসক (সার্জন) রয়েছেন। কিন্তু বিশেষজ্ঞ অবেদনবিদ না থাকায় কোনো অস্ত্রোপচার হচ্ছে না। দীর্ঘদিন অপেক্ষা করার পর একটি এক্স-রে মেশিন পাওয়া গেছে। কিন্তু এক্স-রে করার উপকরণ নেই। এসব বিষয়ে জেলা সিভিল সার্জনকে প্রতিমাসেই জানানো হয়।
বগুড়া জেলা সিভিল সার্জন কর্মকর্তা শাহাদাৎ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সবেমাত্র এ জেলায় যোগ দিয়েছি। বিষয়টি আমার জানা নেই। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’