অবেদনবিদ নেই আট বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর হাসপাতালে আট বছর ধরে অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) নেই। অ্যানেসথেটিস্টের মতো গুরুত্বপূর্ণ আরও ছয়টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদও শূন্য। পাশাপাশি এখানে চিকিৎসকের ৪৭টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৬ জন। এতে রোগীরা যথাযথ সেবা পাচ্ছে না।আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম জানান, এখানে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে চিকিৎসকের পদ ৪৭টি। রাজস্ব খাতে ১৮টির মধ্যে সিনিয়র কনসালট্যান্টের (জ্যেষ্ঠ বিশেষজ্ঞ) চারটি ও জুনিয়র কনসালট্যান্টের পদ ছয়টি। উন্নয়ন খাতে বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট পদ ২৮টি। এ খাতে জুনিয়র কনসালট্যান্টের দুটি পদ আছে।হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, রাজস্ব খাতের জ্যেষ্ঠ বিশেষজ্ঞের চারটি পদের মধ্যে মেডিসিন চার বছর, চক্ষু তিন বছর এবং সার্জারির পদ দুই মাস ধরে শূন্য। একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ থাকলেও তিনি এক বছর ধরে অনুপস্থিত রয়েছেন।আরএমও আবদুস সালাম বলেন, প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৫০০ থেকে ৫৫০ জন রোগী চিকিৎসা নেয়। আন্তবিভাগে গড়ে প্রতিদিন ২০০ রোগী ভর্তি থাকে। অবেদনবিদের পদটি দীর্ঘদিন বন্ধ থাকলেও অস্ত্রোপচার কার্যক্রম চলছে। দুজন চিকিৎসা কর্মকর্তা প্রশিক্ষণ নিয়ে অবেদনবিদের দায়িত্ব পালন করছেন। হাসপাতালে রেডিওলজিস্টের মতো গুরুত্বপূর্ণ পদটিও দুই বছর ধরে শূন্য।সিভিল সার্জন মো. শফিকুল আলম বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে আমরা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছি। নতুন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়ে আমি বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠিয়েছি। কিন্তু এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।’