চিকিৎসক ও অস্ত্রোপচারের যাবতীয় সরঞ্জাম থাকা সত্ত্বেও শুধু অবেদনবিদ না থাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট মাস ধরে অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে।এ অবস্থায় দরিদ্র রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করাতে গিয়ে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালের একমাত্র অবেদনবিদ আট মাস আগে ঢাকায় প্রশিক্ষণে চলে যান। এরপর এখানে কোনো অবেদনবিদ যোগ দেননি। তখন থেকেই জরুরি প্রয়োজনে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবেদনবিদ ডেকে এনে হাসপাতালে অস্ত্রোপচার করাতে হচ্ছে।বাঁশগারা গ্রামের অটো-রিকশাচালক মো. মানিকের স্ত্রী কিমি আকতারের প্রসব বেদনা উঠলে গত শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়া হয়। অবেদনবিদ না থাকায় হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্ভব হয়নি। কিমি আকতারের বাবা খলিলুর রহমান জানান, তিনি মেয়েকে একটি ক্লিনিকে নিয়ে সাত হাজার টাকার চুক্তিতে ওই দিন সন্ধ্যায় অস্ত্রোপচার করান। কিমি আকতারের মতো অনেক সন্তানসম্ভবা এই হাসপাতালে অস্ত্রোপচার করাতে না পেরে ফিরে যাচ্ছেন। হাসপাতালের একটি সূত্র জানায়, ১০ ও ১১ জানুয়ারি চারজন সন্তানসম্ভবাকে হাসপাতালে আনার পর অস্ত্রোপচার করাতে না পেরে স্বজনেরা ফিরিয়ে নিয়ে গেছেন। সূত্র আরও জানায়, হাসপাতালে গত বছরের অক্টোবরে ছয়জন, নভেম্বরে একজন ও ডিসেম্বরে চারজনের অস্ত্রোপচার হয়েছে। অথচ তিন মাসে এখানে অন্তত ৩০টি অস্ত্রোপচার হওয়ার কথা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন বলেন, অবেদনবিদ চেয়ে গত মাসে সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছে আবেদন জানানো হয়েছে।