অবেদনবিদ নেই, এক বছর অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি ও এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে অবেদনবিদ না থাকায় এক বছর ধরে হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ২১টি পদের মধ্যে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের পদসহ ছয়টি পদ শূন্য।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালের ইসিজি ও এক্স-রে যন্ত্র এক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এদিকে অবেদনবিদ না থাকায় এক বছর ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ স্বল্প খরচে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে গিয়ে কথা হয় রওশন আকতারের সঙ্গে। তাঁর শাশুড়ি আয়শা খাতুন (৭৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, ‘এক্স-রে যন্ত্র নষ্ট হওয়ায় আমার শাশুড়িকে কষ্ট করে বাইরের রোগনির্ণয় কেন্দ্রে নিতে হয়েছে। ওই পরীক্ষা করতে ২৫০ টাকা খরচ হয়েছে। অথচ হাসপাতালে এই পরীক্ষা করলে খরচ হতো ৮০ টাকা।’
রওশন আকতার বলেন, বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের দালালেরা রোগীদের নিয়ে টানাহেঁচড়া করে। এতে রোগীদের আরও ভোগান্তি পোহাতে হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মিজানুর রহমান বলেন, ইসিজি ও এক্স-রে যন্ত্রটি নষ্ট হওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে।