অবেদনবিদ সংকটে উপজেলা পর্যায়ে অস্ত্রোপচার ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবেদনবিদ সংকটের কারণে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে জরুরি অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে মাত্র তিনটিতে তিনজন অবেদনবিদ আছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ফটিকছড়ি, পটিয়া, হাটহাজারী, মিরসরাই, লোহাগাড়া ও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি প্রসূতিসেবাভুক্ত (ইওসি)। এর মধ্যে কেবল ফটিকছড়ি, পটিয়া ও বোয়ালখালীতে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেটিস্ট) পদে তিনজন কর্মরত আছেন। এই তিন অবেদনবিদ সপ্তাহে ঘুরে ঘুরে ছয়টি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন।

জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘এই তিনজন দিয়ে আমরা ছয়টি উপজেলায় পালা করে সেবা দিচ্ছি। এই ছয় উপজেলায় প্রসূতিদের জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা আছে।’ তিনি বলেন, মিরসরাইয়ে একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তা অবেদনবিদ হিসেবে কাজ করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবেদনবিদ হিসেবে কাজ করেন দেবাশীষ ঘোষ। তিনি সপ্তাহে এক দিন হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন। হাটহাজারীতে অবেদনবিদের পদ শূন্য।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘আমাদের এখানে প্রতিদিন অবেদনবিদ কাজ করতে পারলে ভালো হতো। কারণ, আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি প্রসূতিসেবায় জাতীয় পুরস্কার পেয়েছে কয়েকবার।’ তিনি বলেন, দেবাশীষ ঘোষ এখন সপ্তাহে পাঁচ দিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন।

পটিয়ায় অবেদনবিদ হিসেবে কাজ করেন অসিত কুমার দাশ। তিনি মূল কর্মস্থলের বাইরে প্রতি রবি ও বৃহস্পতিবার লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

অবেদনবিদ সৈয়দা নাফিসা খাতুনের মূল কর্মস্থল বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে প্রতি সপ্তাহের সোম ও বুধবার যেতে হয় বাঁশখালীতে। তিনি বলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা দেওয়া না হলেও এখানে অস্ত্রোপচারের ব্যবস্থা আছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবেদনবিদ হিসেবে কাজ করেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তা। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার দে বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তা দিয়ে আমরা অস্ত্রোপচারের কাজ চালিয়ে নিচ্ছি।’

অবেদনবিদের অভাবে অন্যান্য উপজেলায় অস্ত্রোপচার হয় না বললেই চলে। এ জন্য প্রসূতিদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এসব উপজেলার প্রসূতিরা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালে।

অবেদনবিদের অভাবে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার হয় না বললেই চলে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ ফজলে রাব্বি বলেন, ‘সপ্তাহে মাত্র এক দিন ফটিকছড়ি থেকে এখানে অ্যানেসথেসিস্ট আসেন। মাঝেমধ্যে দু-একটা অস্ত্রোপচার হয়। সিজারিয়ান হয় না।’

চিকিৎসকেরা বলেন, সব উপজেলায় অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর। এ হাসপাতালের প্রসূতি বিভাগে শয্যা আছে ৩৬টি। কিন্তু প্রতিদিন এখানে ভর্তি থাকেন প্রায় ১০০ জন। অস্ত্রোপচার ও স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব হয় গড়ে ৬০টি শিশু।

চমেক হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান শাহানারা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যদি উপজেলা পর্যায়ে কিছু কিছু সিজারিয়ান অপারেশন হতো, তাহলে আমাদের এখানে অনেক চাপ কমত। এ ছাড়া শহরের বিভিন্ন হাসপাতালে রোগীর অবস্থা খারাপ হলেও আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এতে আমাদের মাত্রাতিরিক্ত রোগী দেখতে হয়।’

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, যেসব চিকিৎসক ৩৪তম বিসিএসের মাধ্যমে চাকরিতে আসছেন, তাঁদের প্রত্যেকের জন্য ছয় মাস করে অ্যানেসথেসিয়ার ওপর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। তাঁরা প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগ দিলে উপজেলা পর্যায়ে অস্ত্রোপচারে গতি আসবে।