অবেদনবিদের অভাবে অস্ত্রোপচার ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে অবেদনবিদের (অ্যানেসথেটিস্ট) অভাবে অস্ত্রোপচারের কাজে বিঘ্ন ঘটছে বল অভিযোগ পাওয়া গেছে।হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে গত বুধবার গিয়ে প্রায় ৪০ জন রোগী পাওয়া যায়। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস দুয়েক আগে ভর্তি হওয়া রোগীরও এখন পর্যন্ত অস্ত্রোপচারের ব্যবস্থা হয়নি। আর্থিক সংগতি না থাকার কারণে তারা হাসপাতালের বিছানায় পড়ে কাতরাচ্ছে।মেহেরপুর থেকে এসে দুই মাস আগে নিউরো সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন রেজাউল করিম (৪০)। কথা বলতে পারছেন না, বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। তাঁর স্ত্রী সাহিদা খাতুন বলেন, ‘কবে অপারেশন করা হবে, কিছুই জানি না।’চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে ১০ মে এই বিভাগে ভর্তি হয়েছেন আনোয়ারা বেগম (৪৫)। তাঁর অবস্থা অত্যন্ত করুণ। আনোয়ারা বেগমের স্বামী আতাউর রহমান বলেন, ‘কবে নাগাদ অস্ত্রোপচার করা হবে, সে ব্যাপারে এখন পর্যন্ত চিকিৎসক কিছুই বলছেন না। আর কয়েক দিন দেখে রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করাব। এখানে যেভাবে রোগীর সিরিয়াল দেওয়া হচ্ছে, তাতে অস্ত্রোপচারের আগেই রোগী মারা যাবে।’ বাঘা উপজেলার মোজাফফর হককে (৫০) ভর্তির দুই মাস তিন দিন পর এবং কুষ্টিয়ার ইদ্রিস আলীকে (৫০) এক মাস পাঁচ দিন পর অস্ত্রোপচার করা হয়েছে। সার্জারি বিভাগের চিকিৎসক জাহেদ হোসেন বলেন, ‘আমি ও বিভাগীয় প্রধান একরামুল্লাহ এই বিভাগে চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু আমরা দুজনেই দুই সপ্তাহ পর এক দিন করে অস্ত্রোপচার করার সুযোগ পাই। এই বিভাগের রোগীদের অস্ত্রোপচারে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এ জন্য এক দিনে একাধিক রোগীর অস্ত্রোপচার করা সম্ভব হয় না। তবে অস্ত্রোপচারকক্ষ (ওটি) ও অবেদনবিদ পেলে আরও দ্রুত কাজ করা যেত।’হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী বলেন, ‘অস্ত্রোপচারকক্ষ কোনো সমস্যা নয়। বরং প্রয়োজনীয়সংখ্যক অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচারে এ ধরনের বিলম্ব হচ্ছে। প্রথম অবস্থায় হাসপাতালে সার্জারি ও গাইনি বিভাগের অস্ত্রোপচার করা হতো। এখন ১১টি বিভাগের অস্ত্রোপচার হয়। কিন্তু ওই দুই বিভাগে যে ১৫ জন অবেদনবিদ ছিলেন, এখনো তাই রয়েছে। নতুন অর্গানোগ্রাম অনুযায়ী আমরা ৪৫ জন অবেদনবিদের জন্য প্রস্তাব দিয়েছি। এই অর্গানোগ্রাম অনুমোদিত হলে আর এ ধরনের সমস্যা থাকবে না।’