অবেদনবিদের অস্ত্রোপচারে মারা গেলেন মা-শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার একটি ক্লিনিকে অবেদনবিদের (এনেসথেসিস্ট) হাতে এক প্রসূতির অস্ত্রোপচারের সময় মা ও শিশুর মৃত্যু হয়েছে। প্রসূতিকে ভোলা সদর হাসপাতাল থেকে ফুসলিয়ে ক্লিনিকে আনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত বুধবার রাতের ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছে। মৃত প্রসূতির নাম আমেনা বেগম (২৫)। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার সদুরচর গ্রামে। সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরীফ প্রথম আলোকে বলেন, প্রসূতিকে অস্ত্রোপচার করবেন গাইনি কনসালটেন্ট। আর অজ্ঞান করার দায়িত্ব অবেদনবিদের। দুজনের দায়িত্ব আলাদা।আমেনার বড় ভাই বাচ্চু মিয়া জানান, আমেনার স্বামী শাহাবুদ্দিন ঢাকায় চাকরি করেন। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে আমেনার ব্যথা ওঠে। তাঁকে ভোলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল পর্যন্ত রোগীর অবস্থা স্বাভাবিক ছিল।বাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, ‘দুপুরের দিকে কর্তব্যরত গাইনি ওয়ার্ডের স্টাফ নার্স নাজমা বেগম এসে বলেন, আপনাদের রোগীর অবস্থা ভালো নয়। তাঁর অস্ত্রোপচার (সিজার) করা দরকার। কিন্তু ভোলা সদর হাসপাতালে কোনো অস্ত্রোপচার হবে না। আপনারা যদি রাজি থাকেন, তাহলে হাসপাতালের পেছনে একটি ক্লিনিক আছে, সেখানে অস্ত্রোপচার করাতে পারেন। তাঁর কথায় রাজি হলে এক দালাল প্রসূতিকে হাসপাতালের পেছনের দরজা দিয়ে পালাতে সাহায্য করে।’বাচ্চু মিয়া জানান, ওই দালাল সদর হাসপাতালের অদূরে ভদ্রপাড়ায় অবস্থিত ভোলা নার্সিং হোমে আমেনাকে নিয়ে যায়। ক্লিনিকটির মালিক স্টাফ নার্স নাজমার বোন। সেখানে নাজমা অস্ত্রোপচারের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। পরে সাড়ে ১০ হাজার টাকায় রফা হয়। তাঁকে পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা আনার জন্য তিনি (বাচ্চু) গ্রামে যান। কথা অনুযায়ী রাত ১০টায় আমেনার অস্ত্রোপচার করার কথা গাইনি কনসালটেন্ট রজত কুমার বিশ্বাসের। কিন্তু আটটার দিকে তিনি ক্লিনিকে এসে দেখেন, তাঁর বোনকে অস্ত্রোপচার করছেন অবেদনবিদ সুনিল চন্দ্র দাস। এ সময় পেটের শিশুটি মারা যায় এবং আমেনার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রাত ১০টার দিকে আমেনা মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনা শুনে কয়েক শ লোক ভোলা নার্সিং হোমের সামনে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা ক্লিনিক ভাঙচুরের চেষ্টা করলে নাজমার ক্যাডার বাহিনী তাদের হটিয়ে দেয়।ভোলা সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট সুরাইয়া বেগম বলেন, ‘বুধবার সকাল নয়টায় যখন আমেনাকে দেখি, তখন মনে হয়েছে কোনো রক্তশূন্যতা নেই এবং স্বাভাবিক নিয়মেই বাচ্চা হবে। বিকেলে আর রোগীকে পাওয়া গেল না। শুনেছি, সে নাকি পালিয়ে গেছে।’অবেদনবিদ সুনিল চন্দ্র দাস বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটায় যখন ওটিতে (অপারেশন থিয়েটার) যাই, তখনই মনে হয়েছে পেটে শিশুটি মারা গেছে। এ জন্য অবশ্য আল্ট্রাসনোগ্রাম করাইনি। আর প্রসূতি মারা গেছে রক্তক্ষরণে। এ সময় রক্ত চেয়েছি, পাইনি। ভেবেছিলাম রক্ত জোগাড় করা আছে।’স্টাফ নার্স নাজমা বেগম প্রথম আলোকে বলেন, ‘ক্লিনিকটির মালিক আমার বড় বোন নূরজাহান বেগম। আমি তত্ত্বাবধায়ক। কোনো রোগীকে হাসপাতাল থেকে ফুসলিয়ে আনিনি। রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ক্যাডার লেলিয়ে দেইনি। এলাকাবাসী আমার বিপদে এগিয়ে এসেছে।’