প্রতিষ্ঠার পর থেকেই দুই লাখ লোকের একমাত্র ভরসা বাগেরহাটের মংলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটিতে কোনো অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) নেই। ফলে এখানে কোনো অস্ত্রোপচার হয় না। ২০১০ সালের ডিসেম্বর থেকে হাসপাতালের এক্স-রে অপারেটরের পদটিও শূন্য রয়েছে।এ ছাড়া ২৭ জন চিকিৎসক পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ছয়জন। ফলে উপজেলার প্রায় দুই লাখ বাসিন্দা চিকিৎসাসুবিধা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে।উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ শয্যার (বর্তমানে ৫০ শয্যা) এ স্বাস্থ্যকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই স্বাস্থ্যকেন্দ্রটিতে জুনিয়র কনসাল্ট্যান্ট (অ্যানেসথেসিয়া) পদটি শূন্য রয়েছে। ফলে রোগীরা অস্ত্রোপচারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে অব্যবহূত থাকায় অস্ত্রোপচারের মূল্যবান যন্ত্রপাতিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনের মাস খানেক পরই অকেজো হয়ে পড়ে এক্স-রে মেশিনটি। এরপর ২০০৯ সালের অক্টোবরে আনা হয় ডিজিটাল এক্স-রে মেশিন। এর মধ্যে ১১ বছর বসিয়ে বেতন-ভাতা দেওয়া হয়েছে এক্স-রে মেশিন অপারেটরকে। ২০১০ সালের ৬ ডিসেম্বর একমাত্র এক্স-রে অপারেটর মো. তৌফিকুল ইসলামকে সাতক্ষীরার আশাশুনি স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়। তারপর থেকে এ পদটিও শূন্য হয়ে পড়ে। ফলে ১৮ মাস ধরে রোগীরা কোনো এক্স-রে সুবিধা পাচ্ছে না।পৌরসভার কম্পিউটার ব্যবসায়ী শাহিন বলেন, কোনো দুর্ঘটনার রোগী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা সেখান থেকে খুলনা নিয়ে যেতে বলেন। মংলা থেকে খুলনার দূরত্ব ৫০ কিলোমিটারেরও বেশি। আবার নদী পার হয়ে যেতে হয়। ফলে রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। আবার প্রায় গুরুতর রোগী খুলনা নেওয়ার পথে মারাও যান। স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসাদুল্লাহ হিল গালিব বলেন, ‘আমরা চাই দুর্ঘটনাকবলিত রোগীদের চিকিৎসাসেবা দিতে। কিন্তু অ্যানেসথেসিস্ট না থাকায় আমরা এখানে অস্ত্রোপচার করতে পারি না। ফলে বাধ্য হয়ে রোগীদের অন্য স্থানে পাঠাই।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকির মো. মনিরুজ্জামান বলেন, প্রতিষ্ঠার পর থেকে অবেদনবিদের পদটি শূন্য। প্রায় দুই বছর ধরে এক্স-রে অপারেটর নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।