অবেদনবিদের সংকট মেটাতে নার্সদের প্রশিক্ষণ হবে
অবেদনবিদের সংকট মেটাতে নার্সদের প্রশিক্ষণ দেবে সরকার। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিভাগের পরিচালক আবু জাফর মো. মুসা।
ফেডারেশন অব দ্য এশিয়া অ্যান্ড ওশেনিয়া পেরিন্যাটাল সোসাইটিসের (এফএওপিএস) ১৮তম সম্মেলনের তৃতীয় দিনে গতকাল মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা করেন দেশের শীর্ষ স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং শিশুবিশেষজ্ঞরা।
আবু জাফর মো. মুসা বলেন, দেশে অবেদনবিদের সংকট প্রকট। এ সমস্যার সমাধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরুরি ভিত্তিতে ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কিছু দেশে নার্সদের অবেদনবিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, নার্সদের অবেদনবিদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
গতকালের অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিওনেটাল ফোরামের উপদেষ্টা ও বারডেম হাসপাতালের মহাপরিচালক নাজমুন নাহার। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে নবজাতকের মৃত্যু ৪৩ শতাংশ, মৃত শিশু জন্ম নেওয়া ৪৫ শতাংশ ও মাতৃমৃত্যু ৫৪ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ টি এ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সমন্বয় প্রসঙ্গে জানতে চান।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার বলেন, মাঠপর্যায়ে সমন্বয় বাড়ানোর জন্য তাঁরা চিঠি দিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক বলেন, দুটি অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হলে শীর্ষ একটি জায়গা থেকে নির্দেশ আসতে হবে। সে ক্ষেত্রে মহাপরিচালকদের ওপরে একটি পদ সৃষ্টি করা যেতে পারে।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় অধ্যাপক ও শিশুবিশেষজ্ঞ এম আর খান বলেন, বেসরকারি খাতের কার্যক্রম কঠোরভাবে নজরদারি করা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএসএমএমইউর নবজাতক বিভাগের প্রধান মো. সহিদুল্লা, সেভ দ্য চিলড্রেনের অন্যতম শীর্ষ কর্মকর্তা ইশতিয়াক মান্নান, ইএসএআইডির স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাবিষয়ক উপপরিচালক অ্যালিসন বিয়ার বক্তব্য দেন।