অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) সংকটে ভুগছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এ কারণে রোগীদের জরুরি অস্ত্রোপচার বন্ধ থাকছে। দিনে ১০০-১১০ জন রোগীর জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু সম্ভব হচ্ছে মাত্র ৪৫-৫০ জনের।
হাসপাতাল সূত্র জানায়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ৬০০ শয্যার এ হাসপাতালটিতে অ্যানেসথেসিওলজি বিভাগে ১১টি অবেদনবিদের পদ সৃষ্টি করা হলেও কর্মরত আছেন মাত্র ছয়জন। শুরুতে শুধু গাইনি ও সার্জারি বিভাগে অস্ত্রোপচার কক্ষ ছিল। রোগীর সংখ্যাও ছিল কম। কিন্তু এখন হাসপাতালের শয্যাসংখ্যা ৬০০ থেকে ১ হাজারে উন্নীত হয়েছে। রোগী ভর্তি থাকছেন শয্যার দ্বিগুণ, প্রায় দুই হাজার।
সূত্র জানায়, শয্যার পাশাপাশি রোগীও বেড়েছে। অস্ত্রোপচারের প্রয়োজনও অনেক বেড়েছে। এই প্রয়োজন পূরণে বাড়ানো হয়েছে অস্ত্রোপচারকক্ষের সংখ্যাও। বর্তমানে সার্জারি ও গাইনি বিভাগ ছাড়াও নাক-কান-গলা, চক্ষু, নিউরোসার্জারি, বার্ন, অর্থোসার্জারি ও ইউরোলজি বিভাগের ছয়টি অস্ত্রোপচার কক্ষ রয়েছে। অবেদনবিদ সংকটে এসব বিভাগের অনেক জরুরি অস্ত্রোপচার যথাসময়ে করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে প্রতিদিন ৫০ জনের বেশি রোগীর অস্ত্রোপচার থেমে থাকছে।
এ অবস্থায় সার্জারি ওয়ার্ডের চিকিৎসকেরা গত ১৮ ফেব্রুয়ারি হাসপাতালের পরিচালককে একটি স্মারকলিপি দেন। এতে অবেদনবিদ বাড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়, জরুরি অস্ত্রোপচারের ক্ষেত্রে যথাসময়ে অবেদনবিদ পাওয়া যায় না। এতে অনেক অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না।
হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেব প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রোপচার কক্ষ বেড়েছে, বেড়েছে রোগীও। কিন্তু অবেদনবিদ বাড়েনি। এ কারণে সার্জারি ওয়ার্ডে দিনে ৪০-৪৫ জন রোগীর অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও, হচ্ছে মাত্র ২০-২৫ জনের। পর্যাপ্ত অবেদনবিদ না থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।’
অ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান সাইদুর রহমান ছুটিতে দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এই বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘মাত্র ছয়জন অবেদনবিদ দিয়ে এত বড় হাসপাতালের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়। সম্ভব হচ্ছে না ১৪টি বিভাগের অনেক রোগীর যথাসময়ে অস্ত্রোপচার। লোকবল বাড়ানোর জন্য হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে।’
জানতে চাইলে, হাসপাতালের পরিচালক আব্দুল কাদের খান সার্জারি বিভাগের চিকিৎসকদের স্মারকলিপি পাওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে ২৩ ফেব্রুয়ারি ঢাকায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে হাসপাতালের সমস্যা সমাধানের ব্যাপারে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।’