অবেদনিবদের অভাবে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবেদনবিদ না থাকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে প্রায় চার বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে৷ এতে প্রত্যন্ত এলাকার প্রসূতিদের ভোগান্তি পোহাতে হচ্ছে৷ বাড়তি সময় ও টাকা খরচ করে ৯০ কিলোমিটার দূরে জেলা সদরে যেতে হচ্ছে প্রসূতিদের৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কোটি টাকা মূল্যের অস্ত্রোপচার সরঞ্জাম আছে এখানে৷ কিন্তু ২০১০ সালে একমাত্র অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) বদলি হয়ে অন্যত্র চলে যান৷ এর পর থেকেই প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে৷ ২০১৩ সালের শেষের দিকে একজন অবেদনবিদ নিয়োগ দেওয়া হয়৷ তিনি দুই মাসের মাথায় প্রেষণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান৷
উপজেলার রহমানপুর গ্রামের এক প্রসূতির বাবা আলম মিয়া জানান, দিন কয়েক আগে তাঁর মেয়ের প্রসববেদনা শুরু হয়৷ তখন ভোরবেলা৷ হাসপাতালে নিয়ে এসেছেন চিকিৎসক দেখানোর জন্য৷ চিকিৎসক দেখে বলেছেন, এখানে প্রসব হবে না৷ কারণ, তাঁর মেয়েকে অস্ত্রোপচার (সিজার) করতে হবে৷ তাই জরুরি ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতালে নিতে হবে৷
আলম মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ৷ কীভাবে লালমনিরহাট নিয়ে যাব? তা এটে আসিয়া লাভ কী?’
১৪ মে পাটগ্রাম ইউনিয়নের বেংকান্দা গ্রামের প্রসূতি আলেয়া বেগম বলেন, ‘গরিবের জন্য হাসপাতাল৷ এই হাসপাতালে সিজার করিলে বাড়ির লোকজন খোঁজ-খবর নিবার পায়৷ এলা ভালে এটে সিজার হবে না৷ হামাক লালমনিরহাটোত যাবার নাগবে৷ তা এটা হাসপাতাল থাকিয়া লাভ কী?’
নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক জানান, প্রায় তিন বছর পর অবেদনবিদ নিয়োগ দিলেও আবার দুই মাসের মধ্যে প্রেষণে অন্য হাসপাতালে দেওয়া হলো৷ এটা কোনো নিয়ম!
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, ‘এখানে একজন অবেদনবিদ নিয়োগ দেওয়া হলেও তাঁকে প্রেষণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়৷ এ কারণে আমরা চিকিৎসাসেবা ঠিকমতো দিতে পারছি না৷’ এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ জেলা সিভিল সার্জনকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি৷