অবৈধ অটোরিকশা আড়াই হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় সিএনজিচালিত প্রায় আড়াই হাজার অবৈধ অটোরিকশা চলাচল করছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাবনা কার্যালয়ে প্রায় দেড় বছর ধরে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় এ অবস্থার তৈরি হয়েছে। চালকেরা বলছেন, নিবন্ধন নম্বর না থাকায় প্রায়ই তাঁদের পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে নম্বরপ্লেটবিহীন অটোরিকশায় চড়তে ঝুঁকি বোধ করছেন যাত্রীরা।বিআরটিএ পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের শেষের দিকে পাবনায় সিএনজিচালিত অটোরিকশার চলাচল শুরু হয়। ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিআরটিএ জেলার নয়টি উপজেলায় এক হাজার সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেয়। এর পর থেকে আর কোনো অটোরিকশার নিবন্ধন দেওয়া হচ্ছে না।জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি সূত্রে জানা যায়, অনিবার্য কারণ দেখিয়ে ২০১১ সাল থেকে বিআরটিএ পাবনায় অটোরিকশার নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয়। অথচ অটোরিকশা কেনা-বেচার ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকায় গত ১৬ মাসে জেলায় নিবন্ধনবিহীন অটোরিকশার সংখ্যা ব্যাপকভাবে বাড়তে থাকে। সমিতির হিসাব অনুযায়ী, বর্তমানে জেলায় নিবন্ধন নম্বরবিহীন প্রায় আড়াই হাজার অবৈধ অটোরিকশা চলাচল করছে। আটঘরিয়া উপজেলা সদরের অটোরিকশার মালিক আবদুল বাসিদ জানান, তিনি গত দুই বছরে তিনটি সিএনজিচালিত অটোরিকশা কিনেছেন। এর মধ্যে একটির নিবন্ধন করাতে পেরেছেন। অন্য দুটি নিবন্ধন নম্বর ছাড়াই চলছে।যাত্রী রনি কর্মকার বলেন, ‘নম্বরপ্লেটবিহীন অটোরিকশায় চলাচলে একটু ভয় তো থাকেই। কারণ, মাঝেমধ্যেই এসব অটোরিকশায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। অনেক সময় মাদকও পাচার হয়। কিন্তু ঝামেলায় পড়লে চালকদের খুঁজে পাওয়া যায় না।’জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী এহসান বিশ্বাস বলেন, আমরা বৈধ টাকায় অটোরিকশা কিনেছি। অথচ নিবন্ধন নম্বর না থাকায় এগুলো অবৈধ হয়ে আছে। এতে অনেক চালককে মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে। বিষয়টি কয়েক দফা মৌখিক ও লিখিতভাবে জেলা প্রশাসন এবং বিআরটিএ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা নিবন্ধন দিচ্ছে না। এর ফলে একদিকে নম্বরবিহীন অটোরিকশায় চড়তে যাত্রীরা ঝুঁকি বোধ করছেন, অন্যদিকে সরকারও রাজস্ব হারাচ্ছে।বিআরটিএ পাবনার সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়ার জন্য জেলা প্রশাসককে প্রধান করে ‘রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি’ নামের একটি কমিটি আছে। এ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন দেওয়া বন্ধ রাখা হয়েছে। কমিটি অনুমোদন দিলেই আবার নিবন্ধন দেওয়া শুরু হবে।পাবনার জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান বলেন, ‘কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা অটোরিকশা মালিক সমিতির কাছে নিবন্ধনের চাহিদা জানতে চেয়েছি। অবিলম্বে নতুন নিবন্ধন নম্বর দেওয়া শুরু হবে।’