অবৈধ অটোরিকশা যানজট, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ পৌরসভার অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়াই শহরে প্রতিদিন চলাচল করে অন্তত দুই হাজার ব্যাটারিচালিত অটোরিকশা। এ ছাড়া রয়েছে অন্তত ১২ হাজার রিকশা। এতে প্রতিদিন শহরে যানজটের সৃষ্টি হয়। শহরবাসীকে নাকাল হতে হয়।পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে চলাচলের অনুমতিপত্র আছে ৭৪৫টি অটোরিকশার। এ ছাড়া অনুমতিপত্র আছে ১২ হাজার রিকশার। কিন্তু প্রতিদিন শহরে গড়ে চলাচল করছে প্রায় তিন হাজার অটোরিকশা। তবে রিকশার সংখ্যা তেমন বাড়েনি।অতিরিক্ত অটোরিকশা ও রিকশা চলাচলের কারণে প্রতিদিনই শহরের নওমহল, নতুন বাজার রেলক্রসিং, পাটগুদাম, গাঙ্গিনারপাড়, চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড, জুবিলী ঘাটসহ প্রতিটি সড়কে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী মানুষ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। শহরের চরপাড়ায় বেসরকারি একটি চিকিৎসাকেন্দ্রের কর্মী হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, খগড়হর থেকে চরপাড়া পর্যন্ত আগে টেম্পোতে চড়ে ১৫ মিনিটে যাওয়া যেত, এখন একই দূরত্ব পার হতে প্রায় এক ঘণ্টা লাগছে। জনদুর্ভোগ চরমে উঠেছে।ঈদ সামনে রেখে আরও ভয়াবহ যানজটের সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন জামাল আহমেদ নামের এক কলেজশিক্ষক।পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম বলেন, ‘২০১০ সালে যোগাযোগ মন্ত্রণালয় থেকে অটোরিকশার অনুমতিপত্র বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। এরপর আমাদের পক্ষ থেকে নতুন আর কোনো অটোরিকশার অনুমতিপত্র দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগকে অনুমতিপত্রবিহীন অটোরিকশার চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।ময়মনসিংহ পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান জানান, ‘অনুমতিপত্রবিহীন অটোরিকশা জব্দের পর সর্বোচ্চ ২০০ টাকা জরিমানার বিধান আছে। প্রতিদিনই আমরা অটোরিকশা আটক করি। কিন্তু জরিমানার পরিমাণ কম হওয়ায় মালিকেরা এসে জরিমানা দিয়ে নিয়ে যান।’