অবৈধ অটোরিকশাস্ট্যান্ড কাঁচাবাজার উচ্ছেদ
মৌলভীবাজারে অবৈধভাবে গড়ে ওঠা একটি অটোরিকশাস্ট্যান্ড, একটি কাঁচাবাজারসহ শতাধিক দোকান ও বস্তিঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের মনু সেতুর দুই পাড়ে সরকারি খাস জমি এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তিনটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি অবৈধ স্থাপনার জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের মনু সেতুর উত্তর পাড়ে চাঁদনীঘাট এলাকায় গতকাল সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় চাঁদনীঘাট এলাকায় অনেক দিন থেকে সরকারি খাস জমি ও সওজের জায়গায় গড়ে ওঠা কাঁচাবাজার, মনু নদীর পাড়ের বস্তিঘর, রাস্তার পাশে স্থায়ী-অস্থায়ী শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। সরকারি জায়গায় অবৈধভাবে একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করে সিমেন্ট রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত মনু নদীর দক্ষিণ পাড়ের পৌর এলাকায় বন কার্যালয় সড়কের (ফরেস্ট অফিস রোড) প্রবেশমুখে অবৈধভাবে গড়ে ওঠা একটি অটোরিকশাস্ট্যান্ড উচ্ছেদ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বন কার্যালয় সড়কের প্রবেশমুখের অবৈধ অটোরিকশাস্ট্যান্ড উচ্ছেদ অভিযান শেষ করে ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ চলে যাওয়ার পর অটোরিকশার চালক-শ্রমিকেরা গাড়ি নিয়ে পুনরায় স্ট্যান্ডের জায়গায় অবস্থান নেন। সিএনজি অটোরিকশাস্ট্যান্ড উচ্ছেদের প্রতিবাদে বিকেলে চালকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এ অভিযানের ফলে অবৈধ দখলে থাকা ছয় একরের বেশি জায়গা অবমুক্ত করা হলো। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পুলিশ ও র্যা বের সদস্যরা উপস্থিত ছিলেন। বেলা প্রায় আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জিনাত জাহান উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরে অবৈধভাবে ওই সরকারি জায়গা দখল করে রাখা হয়েছিল।