অবৈধ অভিবাসন বৈধ অভিবাসনের জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অভিবাসন দেশের বৈধ অভিবাসনের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ মন্তব্য করেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিশেষ অতিথি ছিলেন। প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক কারণে তিনি আসতে পারেননি বলে জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। এরপর কাতারের প্রবাসীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রবাসীকল্যাণমন্ত্রী।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ১৬০টি দেশে ৮০ লাখ বাংলাদেশি কাজ করছেন। তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের একেকজন রাষ্ট্রদূত। কাজেই তাঁদের সে দেশের আচার-আচরণ, আইন-কানুন পর্যবেক্ষণ করে মেনে চলতে হবে। তিনি বলেন, ‘অবৈধভাবে অনেকেই মালয়েশিয়ায় যান। তাঁরা আমাদের জন্য সংকট সৃষ্টি করছেন। অবৈধ অভিবাসন বৈধ অভিবাসনের জন্য হুমকি। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি এ বিষয়ে জনশক্তি রপ্তানিকারকদের সহযোগিতা চান। মন্ত্রী বলেন, অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। আর এ জন্য ভিসা ট্রেডিং বন্ধ করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী-আয় পাঠানোর জন্য অভিবাসীদের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে রেমিট্যান্স মোট জিডিপির ১৩ শতাংশ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখারুজ্জামান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি আবুল বাশার, প্রবাসীকর্মী কাজী রহিমা বেগম, আনিসুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে অভিবাসী শ্রমিকদের স্বজন হিসেবে ২০০ শিক্ষার্থীকে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
এই অনুষ্ঠানের আগে সকাল সাড়ে আটটার দিকে অভিবাসী দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংসদ ভবনের ভিআইপি ফটক এলাকায় গিয়ে শেষ হয়। এ ছাড়া অভিবাসী দিবস উপলক্ষে সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।