অবৈধ অভিবাসী ঠেকাতে সৌদিতে নতুন আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের সরকার নতুন অভিবাসন আইন প্রণয়নের চিন্তা করেছে। নতুন আইনে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের বিধান থাকতে পারে। আশঙ্কা করা হচ্ছে, সেটি হলে সৌদি আরবে থাকা ৫০ লাখ অভিবাসীর একটি বড় অংশকে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।
সৌদি আরবের দৈনিক আল-হায়াত পত্রিকার খবরে বলা হয়েছে, সৌদি শুিরা কাউন্সিল অবৈধ অভিবাসন নির্মূল করার লক্ষ্যে একটি বিশেষ কমিশন গঠনের প্রশ্নে আলোচনা করছে। এ জন্য একটি প্রতিবেদন তৈরি করেছেন কাউন্সিলের সদস্য সাদকা ফাদেল। বিবিসিকে তিনি বলেন, হজ, ওমরাহ কিংবা পর্যটন ভিসায় এশিয়া এবং আফ্রিকার নানা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ সৌদি আরবে প্রবেশ করেছেন। তাঁদের বেশির ভাগই আর নিজ দেশে ফিরে যাননি। নিজেদের পাসপোর্ট গোপন করে তাঁরা রাজধানী রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা এবং তায়েফের মতো শহরে লুকিয়ে কাজকর্ম করছেন। স্থানীয়ভাবে কেউ কেউ বিয়েও করেছেন। তাঁদের মধ্যে একটা বড় অংশ নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন।
সাদকা ফাদেল আরও বলেন, সৌদি সরকার জাতীয় নিরাপত্তার প্রশ্নেই এ সমস্যাকে বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। আর তাই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে। অবৈধ অভিবাসীদের বৈধভাবে সৌদিতে থাকতে দেওয়ার কোনো চেষ্টা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়ার চেষ্টাই করা হবে। যাঁদের কাগজপত্র ঠিক করা যাবে, তাঁরা বৈধভাবে থাকার অনুমতি পাবেন। কোনো কোনো ক্ষেত্রে সৌদি নাগরিকত্ব দেওয়ার প্রশ্নটিও বিবেচনার মধ্যে রয়েছে। কিন্তু বহু অবৈধ অভিবাসী রয়েছেন, যাঁরা অপরাধের সঙ্গে যুক্ত। তাঁদের সৌদি আরব ছাড়তে হবে।