সৌদি আরবে বসবাসরত অনথিভুক্ত ও অবৈধ অভিবাসীদের প্রতি ক্ষমা প্রদর্শনের মেয়াদ বাড়ানো হতে পারে। এই
ক্ষমার আওতায় তাঁরা নিজেদের বৈধ শ্রমিকের মর্যাদায় প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন। দেশটির কর্তৃপক্ষ আগামী
৩ জুলাই পর্যন্ত এ সময়সীমা বেঁধে দিয়েছে।
জেদ্দার ব্যবসায়িক সংগঠনগুলোর জোট জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) উপ-চেয়ারম্যান
মাজেন বাত্তার্জির বক্তব্য উদ্ধৃত করে গতকাল শনিবার সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ খবর
জানিয়েছে।
জেদ্দায় গত শুক্রবার সৌদি আরবে পাকিস্তানের কনস্যুলেট জেনারেল আয়োজিত তৃতীয় চাকরি মেলায় প্রধান
অতিথির বক্তৃতায় মাজেন বাত্তার্জি ওই সম্ভাবনার কথা জানিয়েছেন। অনুষ্ঠানে এই সৌদি ব্যবসায়ী নেতা বলেন,
তিনি সৌদি শ্রমবিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে অভিবাসী শ্রমিকদের উদ্বেগের বিষয় অবগত করেছেন।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত ১৯ জুন সৌদি সরকারের কাছে ওই ক্ষমার
মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ করেন। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ সৌদি আরবে
শ্রমিক পাঠানো বিভিন্ন দেশ এবং সৌদি ব্যবসায়ী সংগঠনগুলোও দেশটির সরকারের কাছে একই রকম অনুরোধ
করেছিল।