অবৈধ অভিবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, অবৈধ অভিবাসীরা দুই মাসের মধ্যে দেশ ছাড়লে কোনো জরিমানা দিতে হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাচারালাইজেশন, রেসিডেন্সি অ্যান্ড পোর্টস অ্যাফেয়ার্সের সহকারী আন্ডার সেক্রেটারি লে. জেনারেল নাসির আল আওয়াদি বলেন, সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ৪ ডিসেম্বর শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হবে। তিনি বলেন, এই মেয়াদ বাড়ানো হবে না কিংবা এই নীতিতে কোনো সংশোধনী আনা হবে না। বৈধ কাগজপত্র ছাড়া এ দেশে অতিরিক্ত সময় অবস্থানকারী ব্যক্তি কোনো অভিযোগে অভিযুক্ত হওয়া কিংবা সমস্যায় পড়ার আগেই দেশ ছাড়তে পারবেন। নাসির আল আওয়াদি বলেন, বৈধভাবে এ দেশে আসার পর যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কেবল তাঁরাই সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ আবেদনের সুযোগ অনুপ্রবেশকারীদের জন্য প্রযোজ্য নয়। খালিজ টাইমস।