অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রথম আলো ডেস্ক
মানব পাচারে জড়িত দালালদের পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গতকাল রোববার মতবিনিময়কালে এ নির্দেশ দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছে, তারা নিজেদের জীবন বিপদের মধ্যে ঠেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। আমি মনে করি, দালালদের পাশাপাশি ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধ পথে বিদেশগামীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করলে এ ধরনের প্রবণতা বন্ধ হতে পারে।’
বেআইনি প্রক্রিয়ায় বিদেশ যাওয়া বন্ধ করতে প্রচারণা চালানোর জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে যেতে দালালদের টাকা দেওয়ার প্রয়োজন নেই—এই প্রচার চালাতে হবে। যারা সাগরে ভেসে দেশ ছাড়ছে, তারা নিজেরাও জানে না যে তারা কোথায় যাচ্ছে। তাদের মৃতদেহ বনে-জঙ্গলে পাওয়া যাচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।
প্রধানমন্ত্রী আরও বলেন, সবাই অভাবের তাড়নায় এভাবে দেশ ছাড়ছে—এ কথা সঠিক নয়। আসলে তারা সোনার হরিণের পেছনে ছুটছে। তারা মনে করছে, বিদেশে যেতে পারলে তারা অনেক টাকা উপার্জন করবে। টাকার সন্ধানে অবৈধ পন্থায় পরদেশে পাড়ি দেওয়া এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ। এভাবে তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছে অথবা তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। বরং তারা বিদেশে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ দালালদের দিচ্ছে, তা দিয়ে তারা দেশে কিছু করলে অনেক সুন্দর জীবন যাপন করতে পারত।
বাংলাদেশি শ্রমিক ও বিদেশ গমনেচ্ছুদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার জন্য যাতে ঘরবাড়ি বিক্রি করতে না হয়, সে জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া হয়রানি এড়ানোর জন্য তাদের প্রশিক্ষণ ও নিবন্ধনেরও ব্যবস্থা করা হয়েছে। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে মালয়েশিয়ায় সাড়ে ছয় লাখ এবং সৌদি আরবে আট লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি শ্রমিক নিয়মিত হয়েছে। সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে ২০১২ সালে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমবাজার পুনরায় চালু হয়েছে।
আওয়ামী লীগ সরকারকে শ্রমিকবান্ধব আখ্যা দিয়ে করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শ্রমিকশ্রেণির কল্যাণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে দেশের শিল্পাঞ্চলগুলোতে ২৯টি শ্রমিক কল্যাণকেন্দ্র সেবা দিয়ে যাচ্ছে।
অনিককে পাঁচ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী: এ বছর জানুয়ারি মাসে ফেনীতে বিএনপি-জামায়াত জোটের কর্মীদের পেট্রলবোমা হামলায় গুরুতর আহত মিনহাজুল ইসলাম অনিককে পাঁচ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিককে এ অর্থ দেন। অনিক প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় ভারতের শংকর নেত্রালয়ে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে আসেন।
বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় আহত অনিকের বন্ধু শাহরিয়ার হৃদয়, চাঁপাইনবাবগঞ্জের ট্রাকচালক লিটন মিয়া এবং ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আবদুল কাদিরও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আহত হওয়ার পর তাঁদের চিকিৎসায় সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।