অবৈধ অর্থ নিয়ে ওসি-এসআই হাতাহাতি!
রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানায় গত শুক্রবার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একজন উপপরিদর্শকের (এসআই) হাতাহাতি হয়েছে। অবৈধ অর্থের ভাগ চাওয়া নিয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে সংশ্লিষ্ট এসআই আকবর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ওসি আলমগীর হোসেনকে সতর্ক করে দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম এম মনির-উজ-জামান জানান, অবৈধ উপায়ে আনা টাকার ভাগ নিয়ে হাতাহাতির অভিযোগ উঠেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে এসআই আকবর হোসেনকে প্রত্যাহার ও ওসি আলমগীর হোসেনকে সতর্ক করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বোয়ালিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে শিবিরের কর্মী সন্দেহে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে আটক করে টহল পুলিশ। ওই শিক্ষার্থীকে থানায় কর্তব্যরত কর্মকর্তা এসআই আকবরের জিম্মায় দিয়ে টহল পুলিশ চলে যায়। আকবর ওই শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে ছয় হাজার টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেন। বিষয়টি জেনে ফেলেন ওসি আলমগীর। তিনি এসআই আকবরকে নিজের কক্ষে ডেকে নিয়ে টাকার ভাগ দাবি করেন। আকবর অর্থ নেওয়ার কথা অস্বীকার করেন। বিষয়টি নিয়ে দুজনের বাগিবতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর অন্য পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। ওসি আলমগীর বলেন, ‘ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে হাতাহাতির অভিযোগ ২০০ পারসেন্ট মিথ্যা। ওসির সঙ্গে হাতাহাতি করার সাহস কি দারোগার আছে?’