অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা নেই
কুমিল্লায় রাজনৈতিক শক্তি প্রদর্শনে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার। গত চার বছরে চার দফা ‘প্রকাশ্যে’ অস্ত্রবাজি করেন যুবদল, ছাত্রদল, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলীয় কর্মকাণ্ডে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করেন ওই নেতা-কর্মীরা। পুলিশের সামনেই অস্ত্র ব্যবহার ও প্রদর্শন করা হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করে। অতীতে অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হলেও পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, গত ৯ জুন বেলা দুইটায় কুমিল্লা নগরের বিষ্ণুপুর এলাকায় প্রকাশ্যে নাইন এমএম পিস্তল ব্যবহার করে ছাত্রদলের কর্মী ওমর ফারুক ওরফে রাসেলকে হত্যা করেন একই সংগঠনের কর্মীরা। ওই হত্যা মামলার আসামি তারেক আল তাইফ ওরফে শিবলু, শহীদুল হক ওরফে জিমি, মনির হোসেন ও রুবেল মিয়া ওই এলাকার চিহ্নিত অস্ত্রবাজ। ওমর ফারুকও তাঁদের দলের সদস্য ছিলেন। ২০১০ সালের ১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে নগরের কান্দিরপাড় টাউন হল এলাকায় প্রকাশ্যে মুখে কালো কাপড় বেঁধে তাঁরা অস্ত্রবাজি করেছিলেন। ওই ঘটনায় পথচারীসহ কমপক্ষে ৩৪ জন আহত হন। তখন পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা করে অস্ত্রধারীদের গ্রেপ্তার করে। কিন্তু পুলিশ তাঁদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি।
গত ৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় বিএনপির হরতাল চলাকালে নগরের কান্দিরপাড়ের আলী ম্যানশনের সামনে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরিত হয়। এরপর আওয়ামী লীগের মিছিল থেকে চতুর্দিকে এলোপাতাড়ি গুলি চলে। ওই সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী প্রকাশ্যে অস্ত্র বের করে গুলি ছোড়েন। ‘সো’ এবং ‘শা’ আদ্যাক্ষরের দুই তরুণের কাছে আলী ম্যানশনের সামনে নাইন শুটার দেখা গেছে। একই সঙ্গে পিস্তল, কাটা রাইফেল, চাপাতি, কুড়াল ও ছেনি দেখা গেছে কমপক্ষে ৩০ জনের হাতে। ২০১০ সালের ৩০ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রলীগের দুই পক্ষ অস্ত্রবাজিতে মেতে ওঠে। ওই সময় ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা গোলাগুলি করেন। ওই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়। এদিকে ২০১০ সালের ১ থেকে ১৭ মে পর্যন্ত কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি গ্রাম থেকে চার দফায় ১০ হাজার ১৪টি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তও হয়নি।
অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা নগরের বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টার এলাকা, পানির ট্যাংকি, মৌলভীপাড়া, ভাটপাড়া, কালিয়াজুরী, ছোটরা, দক্ষিণ চর্থা, ধর্মপুর, রেসকোর্স ও ঠাকুরপাড়া এলাকায় বিপুলসংখ্যক অবৈধ অস্ত্র রয়েছে। ওই এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ভাড়া দিয়ে থাকেন। এ ক্ষেত্রে গুলি খরচ করলে বেশি ভাড়া, না করলে কম। কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ওই অস্ত্র আনা হয়। সম্প্রতি কাপ্তান বাজারের একজন ঠিকাদার এক লাখ ৬০ হাজার টাকার অস্ত্র কেনেন বলে এলাকায় প্রচার রয়েছে। কাপ্তান বাজারের একটি গ্যারেজে ওই অস্ত্র রাখা হয়। অস্ত্রধারীরা মোটরসাইকেল ও ব্যাডমিন্টন খেলার র্যাকেটের মধ্যে ওই অস্ত্র রেখে চলাচল করে।
জানতে চাইলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কুমিল্লাবাসী প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি দেখেছিল। পুলিশ অস্ত্রধারীদের গ্রেপ্তার করলেও কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। এতে উৎসাহিত হয়ে ক্ষমতাসীনেরাও গত আড়াই বছরে দুই দফা অস্ত্রবাজি করে। অবৈধ অস্ত্রধারীদের গডফাদাররা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় কুমিল্লায় অস্ত্রের ব্যবহার বেড়েছে। অবিলম্বে এসব অস্ত্রধারীকে আইনের আওতায় আনতে হবে।
এ প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। আমরা সহসাই ওই অভিযান শুরু করব। নিকট অতীতে অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হলেও তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা যায়নি। আমরা জানি, নগরে কাদের কাছে অস্ত্র আছে। পুলিশ এ ক্ষেত্রে তৎপর রয়েছে।’
কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে হয়তো অস্ত্র প্রবেশ করতে পারে। সেটি রোধ করার জন্য পুলিশ, র্যাব ও বিজিবি তৎপর রয়েছে। আমরা অবৈধ অস্ত্রের বিষয়টি খতিয়ে দেখছি।’