অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে তিন সন্ত্রাসীর ২১ বছর করে কারাদণ্ড
অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে চট্টগ্রামের তালিকাভুক্ত তিন সন্ত্রাসীকে ২১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা তিনটায় তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হচ্ছেন মো. সরওয়ার ওরফে বাবলা, নুরুন্নবী ওরফে ম্যাক্সন ও গিট্টু মানিক।
মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি নাজিম উদ্দিন জানান, তিন আসামির প্রত্যেককে ২১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৪ বছর এবং গুলি রাখার দায়ে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি জানান, এর আগে গত ১৮ জুন, ২২ জুন, ১৯ জুলাই ও ২৭ জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও ঘোষণা করা হয়নি। ২৩ আগস্ট আংশিক যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন ২০০০ সালে চট্টগ্রামের বহুল আলোচিত আট ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা (এইট মার্ডার) মামলার প্রধান আসামি সাজ্জাদ খানের ঘনিষ্ঠ সহযোগী। ওই মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত সাজ্জাদ খান এখন ভারতে পলাতক আছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৬ জুলাই নগরের বায়েজিদ বোস্তামী থানার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেল, ২৭টি গুলিসহ দেশি-বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার সাবেক ওসি এ কে এম মহিউদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।