অবৈধ অস্ত্র রাখার দায়ে দুই যুবকের যাবজ্জীবন
অবৈধ অস্ত্র রাখার অপরাধে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. নাজির আহমেদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, গোলাপগঞ্জ উপজেলার কাশিবর্নী গ্রামের ওয়াকিল আহমদ চৌধুরী ও একই উপজেলার উত্তর লক্ষ্মীপাড়ার লিটন আহমদ ওরফে খাদিমাল।মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৯ সালের ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় র্যাব-৯-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিবর্নী গ্রামে অভিযান চালিয়ে ওয়াকিল আহমদ চৌধুরী ও লিটন আহমদকে একটি রিভলবারসহ আটক করে। ওই দিন র্যাব বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ তদন্ত শেষে লিটন ও ওয়াকিলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল এ রায় দেন।