অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৭বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে অবৈধ অস্ত্র রাখার দায়ে হাবিবুর রহমান নামে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হাবিবুর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পরানশিয়া গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার গুরুদাসপুর থানা-পুলিশ ২০১২ সালের ৪ আগস্ট অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। তখন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে হাবিবুরকে আটক করা হয়। তাঁর শরীর থেকে বিশেষ কায়দায় রাখা বিদেশি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার তৎকালীন উপপরিদর্শক ওসমান গণি বাদী হয়ে আসামির বিরুদ্ধে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় হয়।