রাজধানীর বাড্ডা থানা এলাকায় ছাত্রলীগের নেতার ফ্ল্যাট থেকে এক কিশোরের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পর জব্দ করা রিভলবারটি অবৈধ বলে জানিয়েছে পুলিশ। রিভলবারটি নিয়েই এখন শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। গতকাল রোববার পর্যন্ত পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি, কীভাবে রিভলবারটি কিশোরের হাতে গেল। এমনকি ওই কিশোরের মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কেও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
শনিবার রাতে মধ্য বাড্ডার আলাতুন্নেছা স্কুল গলির চেয়ারম্যানবাড়ির মোড়ে নয়তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ইয়াসিন সরদার ইমনের (১৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশ থেকে একটি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিদায়ী সভাপতি শেখ রবিউল ইসলাম সোহেল পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন।
পুলিশ ও পরিবার জানায়, ইয়াসিন মা-বাবার সঙ্গে সাভারে থাকত। মাঝে মাঝে সে ছাত্রলীগের ওই নেতার ফ্ল্যাটেও যেত। গত শনিবার সন্ধ্যায় ওই ফ্ল্যাটের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। এরপর গুলির শব্দ পাওয়া যায়। পরে দরজা ভেঙে দেখা যায়, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় খাটে পড়ে আছে ইয়াসিন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। লাশের সুরতহাল করেন বাড্ডা থানার এসআই একরামুল হক। তিনি সুরতহালে উল্লেখ করেন, ইয়াসিনের ডান ও বাঁ কানের ওপরে ছিদ্র আছে। এসআইয়ের ধারণা, গুলি ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে বের হয়ে গেছে।
গতকাল রোববার বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, ধারণা করা হচ্ছে, ইয়াসিন আত্মহত্যা করেছে। তবে সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি।
জব্দ হওয়া রিভলবার সম্পর্কে ওসি বলেন, রিভলবারটি অবৈধ। কিন্তু কীভাবে তা ইয়াসিনের হাতে এল, তা বোঝা যাচ্ছে না। পরিবারের সঙ্গে আলাপ করে জানা গেছে, সে সাভারে ও বাড্ডায় বিভিন্ন ছেলের সঙ্গে মেলামেশা করত। তাদের কারও কাছ থেকে অস্ত্রটি এসেছে। অথবা তার কাছে আগে থেকেই অস্ত্রটি ছিল। ওসি জানান, ইয়াসিনের বাবা মিতুল সরদার লাশ নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীর ঘুনাপাড়ায় গেছেন। ঢাকায় ফিরে তিনি অপমৃত্যুর মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।
গতকাল লাশের ময়নাতদন্তের সময় ঢাকা মেডিকেল কলেজ মর্গে যান ইয়াসিনের বেশ কয়েকজন স্বজন। ঘটনার বিষয়ে তাঁরা সাংবাদিকদের কাছে মুখ খোলেননি। শনিবার রাতে ঘটনাস্থলে যাওয়ার পর সাংবাদিকদেরও ওই বাড়িতে ঢুকতে দেননি বাড়ির নিরাপত্তাকর্মী ও কয়েকজন যুবক। ঘটনার ব্যাপারে ইয়াসিনের বাবা-মায়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ছাত্রলীগের নেতা রবিউল বলেন, তিনি গোপালগঞ্জে লাশ নিয়ে গেছেন। তাঁরও ধারণা, ইয়াসিন আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করল, তা তিনি জানেন না। তাঁর দাবি, রিভলবারটি কীভাবে তাঁর ফ্ল্যাটে ঢুকল, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।